বিশ্ব সিনেমায় নতুন ধারা এনেছিলেন তিনি। শুধু শিল্পের জন্য শিল্প নয়, তার সিনেমা রাজনৈতিক। ফ্রেঞ্চ নিউ ওয়েভ আন্দোলন থেকে যার উত্থান, সেই কিংবদন্তি নির্মাতা জ্যঁ লুক গদার আর নেই।
গতকাল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিচালকদের পরিচালক গদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ফরাসি পত্রিকা লিবারেশন এ খবর জানিয়েছে।
পূর্ণদৈঘ্য, স্বল্পদৈর্ঘ্যসহ নানা ফরমেট মিলিয়ে গদারের নির্মাণের সংখ্যা শতাধিক। তবে বলার অপেক্ষা রাখে না নিজের সময়ের সেরা একজন নির্মাতা তিনি। ১৯৬০ সালে নির্মিত ‘ব্রেথলেস’ তাকে সিনেমা জগতে পরিচিতি এনে দেয়। এরপর ভিবরে সি ভিয়ে, কনটেম্পট, আলফাভিল, ম্যাস্কুলিন ফেমিনিন, দ্য লিটল সোলজারের মতো সিনেমা নির্মাণ করেছেন।
দীর্ঘ জীবনে সিনেমার জন্য নিজেকে নিবেদন করেছেন। পঞ্চাশ ও ষাটের দশকে সিনেমায় গদার এনেছিলেন তার নিজস্ব চিন্তা। যেখানে মানুষের জীবন ও মানসিক জটিলতা থেকে শুরু করে ফরাসি সমাজ ও রাজনীতি উঠে এসেছে। গদার ও সিনেমা তাই সমার্থক হয়ে ওঠে।
গদারের জন্ম ১৯৩০ সালের ৩ ডিসেম্বর। তার শৈশব কেটেছিল ফ্রান্স ও সুইজারল্যান্ডে। গণিতে পারদর্শী ও বইপোকা গদার বিদ্যালয় শেষ করার জন্য ১৯৪৬ সালে প্যারিসে যান। কিন্তু বয়ঃসন্ধি পেরোনোর পর সিনেমার নেশায় পড়ে প্রতিষ্ঠানিক শিক্ষা ছেড়ে দেন।
গদারের ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার। ২০১৪ সালে ‘গুডবাই’ কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়। ২০১৮ সালে ‘ইমেজ বুক’ পায় স্পেশাল পাম দ। এর আগে ২০১০ সালে গদারকে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়, যদিও তিনি এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেননি। এ ছাড়া ২০০২ সালে ব্রিটিশ চলচ্চিত্র সাময়িকী সাইট অ্যান্ড সাউন্ডের জরিপে সর্বকালের সেরা ১০ নির্মাতার মধ্যে জায়গা করে নেন জ্যঁ লুক গদার।










