বেশ কিছুদিন ধরে একের পর এক স্টেজ শো বাতিল করে আসছেন জনপ্রিয় কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার। গতকাল মঙ্গলবার এই পপ তারকা জানিয়েছেন, মানসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যার কারণে পুনর্নির্ধারিত ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ থেকে বিরতি নিচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বছরের শুরুতে কভিড ও রামসে হান্ট সিনড্রোম নামের বিরল রোগে আক্রান্ত হওয়ার পর অনেকগুলো শো বাতিল করেন এই সংগীতশিল্পী।

ইনস্টাগ্রামে বিবার লিখেছেন, এই গত সপ্তাহান্তে রক ইন রিওতে পারফর্ম করেছি এবং আমার যা কিছু আছে সব ব্রাজিলের মানুষদের দিয়েছি। ওই সময় তিনি বলেছিলেন, ক্লান্তি তাকে ছেড়েছে। চিকিৎসক, পরিবার ও টিমের সঙ্গে আলোচনার পর স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন।

এবারো সবার সঙ্গে আলোচনা করে বিরতির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কানাডিয়ান পপ তারকা সামাজিকমাধ্যমে আরো লিখেছেন, আমি আপাতত সফর থেকে বিরতি নিতে যাচ্ছি। আমি ঠিক হয়ে যাচ্ছি, কিন্তু আমার বিশ্রাম নেয়া প্রয়োজন এবং সুস্থ হওয়ার জন্য সময় দরকার। আমি এই শো এবং জাস্টিসের বার্তা বিশ্বের কাছে নিয়ে আসতে পেরে গর্বিত।

আমি ধন্যবাদ জানাই ভক্তদের, যারা আমাকে সমর্থন করেছে, আমার জন্য দোয়া করেছে। আমি আপনাদের সবাইকে মনেপ্রাণে ভালবাসি।

গত মার্চ থেকে শুরু হয় বিবারের জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর। আগামী বছরের মার্চ পর্যন্ত দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইউরোপে তার ৭০ শো করার কথা ছিল। রয়টার্স