তরুণ অভিনেতাদের মধ্যে অন্যতম খায়রুল বাসার। ২০১১ সালে মূকাভিনয় দিয়ে অভিনয় শুরু করেছিলেন। ২০১৭ সাল পর্যন্ত মূকাভিনয়ে ছিলেন এ তারকা। এরপর ছোট পর্দা, বড় পর্দা আর ডিজিটাল মাধ্যমে সমানতালে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। ক্যারিয়ার আর ব্যক্তি জীবনের কিছু অংশ নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন খায়রুল বাসার। সাক্ষাৎকার নিয়েছেন সাবিহা জামান শশী

মূকাভিনয় দিয়ে অভিনয় শুরু করেছেন। এখন কি এটা মিস করেন?

অবশ্যই মিস করি। যেহেতু আমার শুরু মূকাভিনয় দিয়ে। স্টেজ পারফরম্যান্স, সরাসরি দর্শকের অভিব্যক্তি দেখা সে দিনগুলো খুব রোমাঞ্চকর ছিল। সে সময়টার ভেতর দিয়েই আমার চিন্তা, আমি অভিনয়টাই করতে চাই। ওই সময়েই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি অভিনয় করব। 

সম্প্রতি পুনর্জন্ম-৩ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ গল্পে কাজ করার সময় কি এমন ভেবেছিলেন?

মাঝে আমি কার অ্যাকসিডেন্ট করলাম। যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি ওই সময়ে ভিকি ভাই আমাকে ফোন দিলেন। তখন ওই অবস্থায়ই এসে শুটিং করেছিলাম। ভিকি ভাইয়ের সঙ্গে আমি আগেও কাজ করেছি। আমার কাছে মনে হয় আমাকে কয়েকজন মানুষ খুব বিশ্বাস করেন, একইভাবে আমিও তাদের ওপর আস্থা রাখি। ওই জায়গা থেকে তারা আমাকে ডাকলে আমি থাকতে পারি না। অসুস্থতার মাঝেও আমি অভিনয়টা করি। এরপর তো দর্শকের ফিডব্যাক অনেক ভালো ছিল। তার পরই এটার সিকুয়েল শুক্লপক্ষ করলাম। এবার আসল পুনর্জন্ম-৩।

ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার অভিজ্ঞতা কেমন?

পুনর্জন্মের তিনটি সিকুয়েলে কাজ করলাম। এমন ফ্র্যাঞ্চাইজিগুলোয় কাজ করে ভালোই লাগছে। একটা প্রচণ্ড হাইপের কাজের সঙ্গে থাকা এবং পরবর্তী সময়ে আমরা আবার কী ঘটাব, এটা নিয়ে একটা চাপা আনন্দ কাজ করে। এর রেশ থেকে যায় দীর্ঘ সময় পর্যন্ত। এখনো আমার মনে হচ্ছে আমি এ কাজেই যুক্ত আছি, এটা শেষ হয়নি। আমি একক নাটকও করছি। আসলে সব ধরনের কাজেই আনন্দ কাজ করে। ফ্র্যাঞ্চাইজিতে যেহেতু গল্প শেষ হয় না, তাই এটা নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে।

নতুন বছরে দর্শকের জন্য কোনো চমক থাকছে কি?

চমক কতটুকু সেটা জানি না, তবে দর্শক যদি চমকায় তাহলে ভালো। আমি মূলত চেষ্টা করি গল্পে আমার চরিত্রটা ভালোভাবে ফুটিয়ে তুলতে। সামনে যে কাজগুলো আসবে, তার ভেতরে তো বোধ আছে। আগামী নভেম্বরের ৪ তারিখে আসছে অভিতাভ রেজা ভাইয়ের বোধ, রবিউল আলম রবি ভাইয়ের ক্যাফে ডিজায়ার। এছাড়াও সামনে আরো কিছু কাজ করতে যাচ্ছি। দুইটা ফিল্মের কথা হচ্ছে। যেহেতু ওটা নিয়ে তারা ঘোষণা দিচ্ছে না, তাই আমিও বলতে পারছি না। কাজল রেখা সিনেমাটার কাজ শেষ হলো। সেটাও আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে। 

গান নিয়ে পড়াশোনা করেছেন। এখন অভিনয় দুনিয়ার বাসিন্দা। বর্তমানে আপনার জীবনে গানের ভূমিকা কেমন?

আমার মনে হয় গান, মূকাভিনয় ও কবিতা এসবই আমাকে একটা অভিজ্ঞতা দিয়েছে। কোনো বিষয় অনুভব করা, সেটার মধ্যে হারিয়ে যাওয়ার ক্ষেত্রে এগুলোর অবদান রয়েছে। যেমন বলা যায়, একটা কবিতা পড়লাম এবং সেটার অন্তর্নিহিত অর্থ আমি বুঝে ফেললাম, কবিতাটা হতে পারে মাত্র আট লাইনের লেখা কিন্তু সেটা পড়তে গিয়ে অনেক দৃশ্য আমি দেখে ফেলি। সেসব যখন দেখছি, সেটা কিন্তু পরোক্ষভাবে আমার ভেতর থেকে যাচ্ছে। গান থেকেও আমরা কিন্তু কোনো মানুষের কিছু পরিস্থিতির বর্ণনা পাই। এর একেকটা হচ্ছে একেকটা মুড। অভিনয় করার সময় ওই মুডগুলো কিন্তু অনেক কাজে আসে। কোনো সংলাপ বা দৃশ্য আমি কীভাবে করব, সেটা করার আইডিয়া কিন্তু আমার থেকেই আসে। তাই বলা যায় গান, কবিতা আর মঞ্চে কাজ করা, সব মিলিয়ে এক ধরনের বোধ তৈরি হওয়া এবং সে অবস্থান থেকে ক্রমাগত নতুন কিছু ভাবার একটা পথ তৈরি হয়ে যায়। আমার মনে হয় গান, কবিতা এ সবকিছু থেকে একজন অভিনেতা অবশ্যই প্রভাবিত। 

কবিতা লেখা হয়?

কবিতা আমি নিয়মিত পড়ি। উপন্যাসও পড়া হয়। কবিতা আমার ভালো লাগে। কিছু সুন্দর শব্দের সঙ্গে পরিচিত হওয়া যায়। একটা সময় কবিতা লিখতাম। কিন্তু লেখাটা খুব চাপ। দেখা গেল, আমি একটা আইডিয়া অনুযায়ী কয়েকটা লাইন লিখলাম, তবে তার পরই হতে পারে আমি সুন্দর করে গোছাতে পারছি না, শব্দ খুঁজে পাচ্ছি না। তখন কবিতার অসমাপ্ত অংশগুলো মাথার ভেতর নক দিতে থাকে। একটা সময় দেখা গেল যে এ চাপটা বেশি হয়ে যাচ্ছে, এরপর কবিতা লেখা কমে গিয়েছে। আমি চেষ্টা করতাম লেখার। এখন কবিতা পড়া হয়, ভাবা হয় কিন্তু ভাবনাগুলো লিখতে গেলেই ঝামেলা হয়ে যায়।

সামনে কি গল্প কিংবা আপনার লেখা গল্প নিয়ে নাটক করার পরিকল্পনা আছে?

এটা আসলে হুট করে হয়ে যেতে পারে। আমার যদি মনে হয় আমি খুব চমৎকার একটা গল্প ধরে ফেলেছি এবং এ গল্পের একটা শক্তি আছে, তখন লিখে ফেলতে পারি। এমন ভাবনা মাঝে মাঝেই আসে। অনেক সময় মনে হয় একটা গল্প লিখি নাটকের জন্য। যখন স্ক্রিপ্ট পড়ে বোর হয়ে যাই, ভালো লাগে না, তখন মনে হয় আমার একটু লিখতে বসা দরকার।