এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান। যার সুরে সম্প্রতি গান গাইলেন চার শিল্পী। তারা হলেন প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা, অনন্যা ও লাবণ্য। প্রতিটি গানেই ইউসুফ নিজেও দ্বৈত কণ্ঠ দিয়েছেন। বসন্ত উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘সেদিন ফাগুনে’ শিরোনামের গানটি। গত ১৫ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে উন্মুক্ত করা হয়।
এ প্রকল্পের সব গান লিখেছেন মকবুল আহমেদ খান। সংগীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। আপাতত প্রিয়াঙ্কা গোপের সঙ্গে সেদিন ফাগুনে গানটি প্রকাশিত হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষে প্রকাশ পাবে ইউসুফ-সুকন্যার ‘তুমি জানোনা’, ইউসুফ-অনন্যার ‘এমন করে’ এবং ইউসুফ-লাবণ্যের ‘আমায় পড়বে মনে’। এছাড়া পাঁচজন শিল্পী একসঙ্গে গেয়েছেন ‘মন কাঁদে হায়’ শিরোনামের একটি গান।
সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ বলেন, ‘শ্রদ্ধেয় মকবুল স্যারের দুই মেয়ে লীনা আপা ও হাসিনা আপা আমার কাছেই প্রথম এসেছিলেন তাদের বাবার লেখা গানগুলো নিয়ে কী করা যায়, কাকে দিয়ে সুর করালে সেটা যথাযথ হবে; তখন আমিই ইউসুফের কথা বলি। কারণ আমার কাছে মনে হয়েছে ইউসুফই গানগুলোর জন্য যথাযথভাবে সুর করাসহ আনুষঙ্গিক কাজ করতে পারবে। ইউসুফ প্রত্যেকটি গানেরই চমৎকার সুর করেছে।’
ইউসুফ বলেন, ‘বলা যেতে পারে চারজনকে নিয়ে প্রজেক্টটি আমার স্বপ্নের প্রজেক্ট। গীতিকার আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার মনের গভীর অনুভূতি বেঁচে আছে গানের কথায়। চেষ্টা করেছি মন দিয়ে প্রতিটি গানের সুর করতে। লাবণ্য, প্রিয়াঙ্কা দিদি, সুকন্যা দিদি, অনন্যা সবাই যার যার গান ভীষণ ভালোভাবে গাইবার চেষ্টা করেছেন। এরই মধ্যে সেদিন ফাগুনে প্রকাশ পেল। অনেকেই ফোন করছেন, একটু একটু করেই আসলে এসব গানের সাড়া মেলে। বাকিটা সময়ের ব্যাপার।’
লাবণ্য বলেন, ‘ইউসুফ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এ প্রজেক্টে যুক্ত রাখার জন্য। আমার গানটির কথা ও সুর এত চমৎকার, মাঝে মাঝে মনে হয় আমিই ঠিকঠাক গাইতে পারিনি। তার পরও শতভাগ চেষ্টা ছিল আমার।’










