চলতি বছরের শেষে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত চিত্রনায়ক আদর আজাদ। আরিফুর জামান আরিফ নির্মাণ করতে চলেছেন সিনেমা ‘অগ্নিশিখা’। আব্দুল্লাহ জহির বাবুর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এ সিনেমা, যাতে জুটি হিসেবে দেখা যাবে আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে। সম্প্রতি এ দুই তারকা সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন। সিনেমাটি নিয়ে নির্মাতা আরিফ বলেন, ‘‌অগ্নিশিখা রোমান্টিক ও অ্যাকশন ঘরানার। গল্পে টানটান উত্তেজনা রয়েছে। বর্তমান সময়কে মাথায় রেখেই এটি নির্মাণ করছি। একটানা এর কাজ শেষ হবে। ২০২৩ সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে ভালো একটি সময় দেখে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’

চলতি মাসের শেষের দিকে গাজীপুরের পূবাইলে এর প্রথম ধাপের শুটিং শুরু হতে যাচ্ছে। নতুন বছরে দ্বিতীয় ধাপের শুটিং হবে মানিকগঞ্জে। নতুন সিনেমা প্রসঙ্গে আদর বলেন, ‘‌ভালোবাসার গল্প নিয়ে এটি নির্মিত হবে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই এর গল্প তৈরি হয়েছে। এ সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করছি। আশা করছি, এটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবে।’

এ নিয়ে প্রকৃতি বলেন, ‘‌দীর্ঘ সময় পর নতুন সিনেমায় কাজ করছি। যদিও অনেক আগেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নিয়মিত হতে পারিনি। তবে নাটকে নিয়মিত কাজ চালিয়ে নিই। চলচ্চিত্রের জন্য নিজেকে এখন পুরোপুরি প্রস্তুত করে মাঠে নেমেছি। আর পিছু ফিরে না তাকিয়ে এখন থেকে নিয়মিত কাজ করব। আশা করি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করবে।’

অগ্নিশিখা সিনেমাটি আসতে যাচ্ছে এইচকেএস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যানারে। এ সিনেমায় সংগীতায়োজন করেন রবিন ইসলাম। চারটি গান রয়েছে এতে। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। চলতি বছরে আদর অভিনীত ‘তালাশ’, ‘লাইভ’, ও ‘যাও পাখি বলো তারে’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আদরের ‘নাকফুল’, ‘লোকাল’, ‘চিৎকার’, ‘পোড়া অন্তর’ ও ‘মুক্তি’ সিনেমাগুলো।

অন্যদিকে, মানসী প্রকৃতি ‘জল শ্যাওলা’ ও ‘শেষ কথা’ সিনেমা দুটিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ছোট পর্দাতেই বেসি ব্যস্ত ছিলেন এ অভিনেত্রী। দীর্ঘ বিরতি পর ফের নতুন সিনেমা নিয়ে ফিরছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার ‘দুই ঘণ্টা দশ মিনিট’ নামের একটি সিনেমা।