বলিউডের তরুণ অভিনেত্রী তারা সুতারিয়া। তবে সম্প্রতি কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় রয়েছেন তিনি। বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন তারা। বীর নিজেও বলিউডের পরিচিত মুখ। দুজনের কেউই কখনো নিজেদের সম্পর্ক প্রকাশ্যে স্বীকার করেননি। আবার তাদের বিচ্ছেদের খবরও পুরোপুরি জল্পনাভিত্তিক। যদিও সম্প্রতি এক নতুন সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ঘিরে চলা গুঞ্জন নিয়ে সরাসরি কিছু বলতে চাননি তারা, তবে চারপাশের সব নেতিবাচকতার মাঝেও কীভাবে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়, সে বিষয়ে কথা বলেছেন।
এলি ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তারা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সামলানো নিয়ে কথা বলেন। বছরের পর বছর ধরে তিনি শিখেছেন কীভাবে নিজের শান্তিকে রক্ষা করতে হয়। এ প্রসঙ্গে তারা বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি সাফল্য অভ্যন্তরীণ বিষয়। মানসিক শান্তি, কয়েকজন মানুষ যারা আপনাকে ভালোবাসে তাদের সঙ্গে থাকা, নিজেকে জানা-এ সবই আমার লক্ষ্য। বহুবার আমি কাজের চেয়ে নিজের মূল্যবোধকে বেছে নিয়েছি। কোনো সিনেমা হারানো আমি মেনে নিতে পারি, কিন্তু নিজেকে হারানো নয়।’
তারা স্বীকার করেন, অভিনেতা হওয়ার ফলে ব্যক্তিগত ও পেশাগত উভয় জীবন নিয়েই নানা রকম জল্পনার মুখে পড়তে হয়। তবে তিনি কখনই সেসব নিয়ে মুখ খুলে সত্য প্রমাণ করার তাগিদ অনুভব করেননি। অভিনেত্রীর কথায়, ‘আমি সত্যটা জানি আর আমার কাছের মানুষগুলো জানে, এটাই যথেষ্ট।’
২০২৫ সালে তারা ও বীরের সম্পর্কের কথা প্রথম সামনে আসে। কারণ দুজনকে প্রায়ই একসঙ্গে প্রকাশ্যে দেখা যাচ্ছিল। সম্প্রতি তারা অনলাইন বুলিং নিয়েও মুখ খুলেছিলেন, বিশেষ করে গায়ক এপি ঢিলনের একটি কনসার্টে তার সঙ্গে মঞ্চে নাচার পর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হওয়ার পর। মিমের মাধ্যমে তাদের বিদ্রূপ করা হলে তারা দাবি করেন, এটি তার বিরুদ্ধে চালানো একটি পেইড পিআর ক্যাম্পেন।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘পুনশ্চ: মিথ্যে গল্প, চতুর এডিটিং আর পেইড পিআর ক্যাম্পেন আমাদের নড়াতে পারে না। শেষ পর্যন্ত ভালোবাসা আর সত্যই জয়ী হয়। তাই ঠাট্টাটা বুলিদের দিকেই ফিরে যায়।’
এ পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এপি ঢিলন লিখেন, ‘কুইন’। লাভ ইমোজিসহ বীর লেখেন, ‘আনরিয়েল’।
তবে এর কয়েক দিন পরই গুঞ্জন ওঠে, তারা ও বীর নাকি আলাদা হয়ে গেছেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
বর্তমানে তারা অপেক্ষা করছেন তার আসন্ন সিনেমা টক্সিক-এর মুক্তির জন্য। গীতু মোহনদাস পরিচালিত এ সিনেমায় প্রধান ভূমিকায় রয়েছেন যশ। এছাড়া অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি ও রুক্মিণী বসন্ত। কন্নড়-ইংরেজি দ্বিভাষিক এ সিনেমা আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস









