২০২৬ সালের একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট জন ও একটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের এই সম্মাননা দেয়া হচ্ছে। এ তালিকায় সংস্কৃতি অঙ্গনের একাধিক নাম রয়েছে। এ বছর একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী ববিতা, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু (মরণোত্তর), ইসলাম উদ্দিন পালাকার।
বাংলা চলচ্চিত্রের অন্যতম জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পুরো নাম ফরিদা আক্তার ববিতা। জহির রায়হানের 'সংসার' সিনেমায় ববিতার অভিষেক হয় শিশুশিল্পী হিসেবে। এরপর দীর্ঘ পথচলা। ১৯৭৫ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি পরপর তিনবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। দেশের পাশাপাশি দেশের বাইরেও সমাদৃত তিনি। সত্যজিৎ রায়ের 'অশনি সংকেতে'র পাশাপাশি তিনি ‘দূর দেশ’ নামের হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। এতে তার সহ-অভিনেতা ছিলেন নাদিম বেগ ও শশী কাপুর, ছিলেন শর্মিলা ঠাকুরও।
মরণোত্তর একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু। বাংলা ব্যান্ড সংগীতে তিনি কিংবদন্তি। আইয়ুব বাচ্চু একাধারে গিটারিস্ট, গীতিকার ও কণ্ঠশিল্পী। একইসঙ্গে বাংলাদেশের রক ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা। ১৯৯১ সালে যাত্রা করে ব্যান্ডটি। এর আগে তিনি যুক্ত ছিলেন ফিলিংস ও সোলসের সঙ্গে।
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে আইয়ুব বাচ্চু এক অবিচ্ছেদ্য নাম। তার গিটার, লিরিক ও গান নব্বইয়ের দশকের তরুণদের মনে দাগ কেটেছে। এমনকি এখনো তার ‘সুখের পৃথিবী’, ‘এখন অনেক রাত’, ‘রুপালি গিটার’ গানগুলো রয়েছে জনপ্রিয়তার শীর্ষে।
ইসলাম উদ্দিন পালাকারের জন্ম ১৯৬৯ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জে। তিনি পালাকার ও লোকসংগীতশিল্পী। নাট্যকলায় তাকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।
ছোটবেলা থেকেই পালাগান, যাত্রা ইত্যাদিতে আগ্রহ ছিল ইসলাম উদ্দিনের। মাত্র ১২ বছর বয়সেই যাত্রায় অভিনয় শুরু করেন। ১৭ বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে কুদ্দুস বয়াতির দলে যোগ দেন। সেখানে কিচ্ছাগান শেখা শুরু করেন। ২০ বছর বয়সে শুরু করেন নিজের দল। এরপর নিয়মিত পালাগান শুরু করেন। মূলধারা বা শহুরে দর্শকশ্রোতার কাছে তিনি খুব পরিচিত হয়ত ছিলেন তবে কোক স্টুডিওর ‘দেওরা’ গানের পর ইসলাম উদ্দিন পালাকার পরিচিত নাম হয়ে ওঠেন।
প্রতিষ্ঠান হিসেবে একুশে পদক পাচ্ছে ব্যান্ড দল ওয়ারফেইজ। ১৯৮৪ সালে এ হেভি মেটাল ব্যান্ডটি যাত্রা করে। এই ব্যান্ডের পূর্ণতা, না, ধূপ ছায়া, রূপকথা, অবাক ভালোবাসা গানগুলো আজও জনপ্রিয়।









