দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি গানেও সমান পারদর্শী তিনি। বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করেন এবং জনপ্রিয় শিল্পীদের গান কাভার করতেও দেখা গেছে তাকে। এবার প্রথমবারের মতো কলকাতার সিনেমায় প্লেব্যাক করলেন এ অভিনেতা। ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ সিনেমায় শোনা যাবে তার কণ্ঠ। এর মাধ্যমে কলকাতার সিনেমায় প্লেব্যাকে অভিষেক হচ্ছে চঞ্চলের।
শেকড় সিনেমার দুটি গান গেয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছে। স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চল চৌধুরীর রিহার্সেলের দুটি ছবি ফেসবুকে প্রকাশ করে প্রতিষ্ঠানটি জানায়, শেকড় একটি চিরন্তন প্রেমের সিনেমা এবং বর্তমানে এর পোস্ট প্রডাকশনের কাজ চলছে। প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে এতে একাধিক গান রেকর্ড করেছেন চঞ্চল।
চঞ্চল চৌধুরী জানান, সিনেমাটির জন্য দুটি জনপ্রিয় বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’ এবং অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। তার ভাষ্য অনুযায়ী, গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই গান দুটি ব্যবহার করা হয়েছে। শুটিংয়ের সময়ই দৃশ্যে গান থাকলে ভালো হবে বলে তার মনে হয়। পরে পরিচালকের সম্মতিতে গান দুটি রাখার সিদ্ধান্ত হয় এবং শর্ত দেয়া হয়, গানগুলো তাকেই গাইতে হবে। ডাবিং শেষ হওয়ার পর তিনি কণ্ঠ দেন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মাণ হচ্ছে শেকড়। সিনেমাটিতে ইন্দ্র নামে এক কারখানাকর্মীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। চরিত্রটির বাবা স্মৃতিভ্রংশে ভুগছে। ব্যক্তিজীবনে তার বাবাও মৃত্যুর আগে একই সমস্যায় ভুগেছিলেন বলে জানিয়েছেন অভিনেতা। সেই ব্যক্তিগত অভিজ্ঞতাও তাকে কাজটির প্রতি আকৃষ্ট করেছে।
পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় এই প্রথম অভিনয় করলেন চঞ্চল চৌধুরী। এর আগে তিনি মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নির্মাণ করেন। গত বছরের অক্টোবরে শেকড়ের শুটিং সম্পন্ন হয়েছে। এতে আরো অভিনয় করেছেন লোকনাথ দে, সীমা বিশ্বাস, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায় ও অনসূয়া মজুমদার। চলতি বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।










