সংগীতের দুনিয়ায় যুগের পর যুগ রাজত্ব করে চলেছেন এ আর রহমান। সংগীত পরিচালক হিসেবে অস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত এ শিল্পী এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন একেবারে নতুন পরিচয়ে। প্রথমবারের মতো অভিনয়ে নামছেন তিনি।
ভারতের একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অস্কারজয়ী সুরকার এ আর রহমান অভিনয় যাত্রা শুরু করতে যাচ্ছেন মুনওয়াক নামের একটি হাসির সিনেমার মাধ্যমে। এ সিনেমায় তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নন্দিত নৃত্যশিল্পী ও অভিনেতা প্রভুদেবা।
মনোজ এন এস পরিচালিত এবং বিহাইন্ড উডস প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত সিনেমাটি এরই মধ্যে ২০২৬ সালের আলোচিত প্রজেক্টগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। মুনওয়াকে এ আর রহমানকে দেখা যাবে এক রাগী পরিচালকের চরিত্রে। অভিনয়ের পাশাপাশি সিনেমার সব গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। ফলে সিনেমার সাউন্ডট্র্যাক নিয়েও সুরপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
পরিচালক মনোজ এন এস জানিয়েছেন, এ আর রহমান ও প্রভুদেবাকে নিয়ে একসঙ্গে কাজ করা ছিল অসাধারণ অভিজ্ঞতা। প্রভুদেবা নাচের দৃশ্যে তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স তুলে ধরেছেন, যেখানে কোরিওগ্রাফার শেখর মাস্টারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আর রহমান তার সুরে যোগ করেছেন আলাদা উষ্ণতা ও আকর্ষণ।
সব মিলিয়ে মুনওয়াক দর্শকদের জন্য এক বড় চমক হতে যাচ্ছে। এ সিনেমায় আরো অভিনয় করেছেন যোগী বাবু, আজু ভার্গিজ, অর্জুন আশোকান, স্যাটজ, সুস্মিতা, নিশ্মা, স্বামীনাথন, রেডিন কিংসলে, দীপা আকা, সান্তোষ জ্যাকব, রামকুমারসহ আরও অনেকে। আগামী মে মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।










