শিশুদের ভিক্ষাবৃত্তির চিত্র নাগরিক জীবনে প্রায় সবারই দেখা। এ ভিক্ষাবৃত্তির নেপথ্যে নির্মম গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নাটক ‘দানব মানুষ’। ফজলুল হক আকাশের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রোবেনা রেজা জুঁই, শাহনা সুমি, নূরে আলম নয়ন, লিটন খন্দকার, সাজ্জাদ সাজু, উত্তম অধিকারী, তারিকুজ্জামান তপন প্রমুখ। নাটকটি আজ রাত ৯টায় প্রচার হবে।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, ‘বস্তির প্রভাবশালী বাসিন্দা আকবর। তার ব্যবসা শিশুর কোলে শিশু দিয়ে শহরের মোড়ে মোড়ে ভিক্ষা করানো। এ কারণে সে বস্তি থেকে শিশু ভাড়া করে। ছোট শিশুকে ঘুমের ওষুধ খাইয়ে বড় শিশুর কোলে দিয়ে ভিক্ষা করায়। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলে এ কাজ। একদিন ভিক্ষা করানোর জন্য বস্তিতে একটি ছোট শিশু খুঁজতে থাকে সে। এ শিশুটি আমেনার, তবে সে চায় না তার সন্তানকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাতে। নিরুপায় হয়ে আমেনা তার সিদ্ধান্তে বদল আনে, যার জন্য তাকে চরম মূল্য দিতে হয়। এ নিয়েই এগিয়ে যায় নাটকটির গল্প।’
মূলত ভিক্ষাবৃত্তির নেপথ্যের গল্প নিয়েই এ নাটক। যেখানে তুলে ধরা হয়েছে মানুষরূপী দানবের গল্প।










