আগামী ২ নভেম্বর ৬০ বছরে পা দিচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। এ বিশেষ দিনটিকে ঘিরে শুরু হচ্ছে এক অভিনব আয়োজন—‘শাহরুখ খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল’। জন্মদিনের আগেই শুরু হবে এ উৎসব, চলবে টানা দুই সপ্তাহজুড়ে।
৩১ অক্টোবর থেকে ভারতের ৩০টি শহরের ৭৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে কিং খানের জনপ্রিয় ও কালজয়ী সিনেমাগুলো। পিভিআর আইনক্সের উদ্যোগে আয়োজিত এই উৎসবে দর্শকরা বড় পর্দায় আবারও উপভোগ করতে পারবেন শাহরুখের সেই চেনা সিনেমাগুলো—‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘দেবদাস’, ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’সহ আরও অনেক সিনেমা।
বলিউডের রাজা শাহরুখ খান যেন নিজেই এক সিনেমা। তার জীবনের প্রতিটি অধ্যায় সিনেমার মতোই রঙিন। চলতি বছরও তার জীবনে যুক্ত হয়েছে নতুন নতুন প্রাপ্তি—৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার পেয়েছেন জাতীয় পুরস্কার। পাশাপাশি সন্তানের সাফল্যও আনন্দে ভরিয়ে দিয়েছে তাকে। মেয়ে সুহানা খানও শিগগিরই অভিনয় করছেন নতুন সিনেমা ‘কিং’-এ।
সব মিলিয়ে শাহরুখের এই জন্মদিন শুধু ব্যক্তিগত আনন্দের নয়, ভক্তদের জন্যও এক উৎসবের সময়। তাই এবারের শাহরুখ জন্মদিন নিঃসন্দেহে হয়ে উঠছে এক অনন্য চলচ্চিত্রময় উদযাপন।










