চিকিৎসাধীন অবস্থাতেই মারা গেলেন চিত্রনায়িকা তানিন সুবহা। হাসপাতালের লাইফ সাপোর্ট থেকে আর বেঁচে ফেরা হলো না এ নায়িকার।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। এ খবর নিশ্চিত করেছেন নায়িকার ছোট ভাই ইনজামুল রামিম।

২ জুন থেকে লাইফ সাপোর্টে ছিলেন তানিন সুবহা। আগেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন চিকিৎসকেরা। লাইফ সাপোর্ট খুলে নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল। এর জন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকেরা। স্বামীর অনুমতি সাপেক্ষে মঙ্গলবার রাতে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার। তানিন সুবহার মরদেহ তার গ্রামের বাড়ি মাদারীপুর নেয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ভাই।

এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। এরপর আফতাবনগরে বাসার কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তানিন সুবহার জন্ম মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাটে। তার শৈশব কাটে বরিশালে নানাবাড়িতে। বাবার চাকরিসূত্রে পরিবারের সঙ্গে সৌদি আরবও থেকেছেন কয়েক বছর।