ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। ইরান তার প্রতি বহুদিন ধরেই খড়্গহস্ত। তিনি নিজ দেশ ত্যাগ করে বসবাস করছেন অন্যত্র। পানাহি বর্তমানে ফ্রান্সের বাসিন্দা। এ বছর কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর পেয়েছেন। সম্প্রতি তাকেই এক বছরের কারাদণ্ড দিল ইরান। বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন পানাহির আইনজীবী।

পানাহির আইনজীবী মোস্তফা নিলি বলেন, ‘এ দণ্ডের সঙ্গে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা ও কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্য হওয়ার ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।’

তিনি আরো জানান যে তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রাষ্ট্রবিরোধী ‘প্রচারমূলক কর্মকাণ্ডে’ জড়িত ছিলেন। তবে নিলি এ অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেননি।

এদিকে বিনোদন গণমাধ্যম ভ্যারাইটি জানাচ্ছে, পানাহি তার কানজয়ী ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’-এর প্রচারের জন্য যুক্তরাষ্ট্রে আছেন। সম্প্রতি তিনি নিউইয়র্ক সিটির গথাম অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য মনোনীত হয়েছেন এবং তার চলচ্চিত্রটি সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে মনোনীত।

বৃহস্পতিবার মারাকেশ চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার কথা পানাহির। সেখানেও চলচ্চিত্রটি প্রদর্শন হবে এবং তিনি একটি আলাপেও অংশ নেবেন।

পানাহির ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে জমা পড়েছে ফ্রান্সের পক্ষ থেকে। আশা করা হচ্ছে এটি সংক্ষিপ্ত তালিকায় স্থান পাবে।

উল্লেখ্য, বহুবার ইরানি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ হয়েছে জাফর পানাহির। ২০১০ সালে সরকারবিরোধী বিক্ষোভকে সমর্থন ও দেশের সমালোচনামূলক চলচ্চিত্র তৈরি করার কারণে তাকে চলচ্চিত্র নির্মাণ ও ইরান ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপর আরো নানা কারণে সরকার তার প্রতি খড়্গহস্ত হয়েছে। অবশেষে গত্যন্তর না পেয়ে তিনি ইরান ত্যাগ করেন বছর দুয়েক আগে।

সূত্র: ভ্যারাইটি