চিত্রনায়ক হিসেবে ফেরদৌস আহমেদের যাত্রা হয়েছিল ছটকু আহমেদের পরিচালনায় ‘বুকের ভেতর আগুন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। মূলত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর কারণেই তার চরিত্রে ফেরদৌস ওই সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর ছটকু আহমেদের পরিচালনায় আর কোনো সিনেমায় কাজ করা হয়ে ওঠেনি তার। 

দীর্ঘ ২৫ বছর পর আবারো ছটকু আহমেদ পরিচালিত ছবিতে অভিনয় করছেন ফেরদৌস। এ সিনেমার নাম ‘আহারে জীবন’। সরকারি অনুদানে এটি নির্মিত হচ্ছে। ফেরদৌস একজন করোনায় আক্রান্ত রোগীর চরিত্রে অভিনয় করেছেন। এত বছর পর ছটকু আহমেদের সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘চলচ্চিত্রে আমার গুরু ছটকু ভাই। অভিনয় জীবনের শুরুতে তার কাছেই অনেক কিছু শিখেছি। যেহেতু আমি সালমানের স্থলাভিষিক্ত হয়েছিলাম, সে কারণে চরিত্রটি ফুটিয়ে তোলাও আমার জন্য ছিল অনেক চ্যালেঞ্জের। ছটকু ভাই শুটিংয়ের সময় আমাকে বলতেন অভিনয়টা এভাবে কর, ওটা ওভাবে কর, সালমান এভাবে করত। তো তখন আমি ছটকু ভাইয়ের সব কথা গুরুত্ব দিয়ে শুনে অভিনয় করতাম। এত বছরে তিনি সিনেমা নির্মাণে আরো পারদর্শী হয়েছেন। এখনো তার কথা আমি গুরুত্ব দিয়ে শুনি। ২৫ বছর পর তার পরিচালনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। এখনো সিনেমার শুটিং চলছে। আশা করছি ভালোভাবে শেষ হয়ে মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।’ আহারে জীবন সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন দিলারা হানিফ পূর্ণিমা।