জেমস ক্যামেরন পরিচালিত ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার’। গত শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেল এর তৃতীয় সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ডিজনির ‘সাই-ফাই সাগা’র তৃতীয় কিস্তিটি মুক্তি পেয়েছে উত্তর আমেরিকার ৩ হাজার ৮০০ থিয়েটারে। সেখান থেকে প্রথম দিনে আয় করেছে ৩ কোটি ৬৫ লাখ ডলার। ধারণা করা হচ্ছে, সিনেমাটি প্রথম তিনদিনে উত্তর আমেরিকা থেকে ৮-৯ কোটি ডলার আয় করে ফেলবে। আন্তর্জাতিক আয় যোগ হলে সপ্তাহ শেষে মোট আয় ৩৬ কোটি ডলার পর্যন্ত পৌঁছতে পারে।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছেন, ২০০৯ সালের অ্যাভাটারের তুলনায় ফায়ার অ্যান্ড অ্যাশ বেশি আয় করলেও দ্বিতীয় সিনেমা ‘ওয়ে অব ওয়াটার’-এর তুলনায় কম আয় করবে। উল্লেখ্য, অ্যাভাটার আয় করেছিল ৭ কোটি ৭০ লাখ এবং ওয়ে অব ওয়াটার আয় করেছিল ১৩ কোটি ১৪ লাখ ডলার। শেষ পর্যন্ত অ্যাভাটার (২০০৯) বিশ্বব্যাপী ২৯২ কোটি ডলার আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমায় পরিণত হয়েছিল। ওয়ে অব ওয়াটারও আয় করেছে ২০০ কোটি ডলার। যদি ফায়ার অ্যান্ড অ্যাশ একই পথ অনুসরণ করে, তাহলে অ্যাভাটার হবে ইতিহাসের প্রথম ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি, যার তিনটি কিস্তিই ২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করবে।

তবে সিনেমাটি এত ভালো আয় করলেও কিছু ক্ষেত্রে পিছিয়ে থাকবে। দর্শক খুব একটা পছন্দ করছেন না সিনেমাটি। অবশ্য এ বছর হলিউডের অন্যান্য সিনেমা যে রকম আয় করছে সে তুলনায় ভালো করছে ফায়ার অ্যান্ড অ্যাশ।

27

হলিউডের বক্স অফিসে এ সপ্তাহে দ্বিতীয় স্থানে আছে অ্যাঞ্জেল স্টুডিওজের অ্যানিমেটেড সিনেমা ‘ডেভিড’। ৩ হাজার ১১৮টি স্ক্রিন থেকে শুক্রবারের উদ্বোধনী দিনে সিনেমাটি ৯৬ লাখ ডলার আয় করেছে। বাইবেলে উল্লিখিত ডেভিড ও গলিয়াথের গল্পের পুনঃকথন এ সিনেমা। ধারণা করা হচ্ছে, তিন দিনের সপ্তাহে এটি আড়াই কোটি ডলারের বেশি আয় করবে।

তৃতীয় স্থানে রয়েছে লায়ন্সগেটের ‘দ্য হাউজমেইড’। সিনেমাটি ৩ হাজার ১৫টি থিয়েটার থেকে শুক্রবার ৮০ লাখ ডলার আয় করেছে। আর-রেটেড এ থ্রিলার প্রায় ২১ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পল ফিগ পরিচালিত এবং ফ্রেইডা ম্যাকফ্যাডেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটিতে সিডনি সুইনি, অ্যামান্ডা সাইফ্রিড ও ব্র্যান্ডন স্কলেনার অভিনয় করেছেন।

28

চতুর্থ স্থানে শুক্রবার ছিল ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’। উত্তর আমেরিকার ৩ হাজার ৫৫৭টি থিয়েটার থেকে উদ্বোধনী দিনে ৬০ লাখ ডলার আয় করেছে এটি। অ্যানিমেটেড এ অ্যাডভেঞ্চার তিনদিনের মধ্যে ২ কোটি ডলারের মতো আয় করতে পারে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের নিকেলোডিয়ন টিভি শো অবলম্বনে তৈরি ছবিটিতে দেখা যাবে বার্গার উল্টানো স্পঞ্জবব ও তার সেরা বন্ধু প্যাট্রিক স্টারকে, যারা ফ্লাইং ডাচম্যান নামে পরিচিত ভুতুড়ে জলদস্যুর খোঁজে বের হয়।

আগে মুক্তি পেলেও পঞ্চম স্থানে আছে ডিজনির ‘জুটোপিয়া টু’। শুক্রবার সিনেমাটি ৪০ লাখ ডলার আয় করেছে। এ সপ্তাহ শেষে সিনেমাটির আয় (উত্তর আমেরিকায়) মোট ২৭ কোটি ২০ লাখ ডলারে পৌঁছতে পারে। মুক্তির মাত্র ১৭ দিনের মধ্যে জুটোপিয়া টু বিশ্বব্যাপী ১০০ কোটি ডলার অতিক্রম করেছে। অ্যানিমেটেড সিনেমার ইতিহাসে এটি দ্রুততম সময়ের মধ্যে শতকোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

সূত্র: ভ্যারাইটি