এ বছর ‘অনারারি সিজার’ সম্মাননায় ভূষিত হয়েছেন ‘দ্য মাস্ক’ ও ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস’ খ্যাত এ অভিনেতা। গত বছর এ সম্মাননা পেয়েছিলেন জুলিয়া রবার্টস।
জিম ক্যারিকে মঞ্চে আমন্ত্রণ জানান তার কালজয়ী সিনেমা ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’-এর পরিচালক মিশেল গন্ড্রি। আজ থেকে ২২ বছর আগে গন্ড্রির পরিচালনায়ই অভিনয়ের এক নতুন উচ্চতা ছুঁয়েছিলেন ক্যারি। প্রিয় পরিচালকের হাত থেকে সম্মাননা গ্রহণ করাটা ছিল এক নস্টালজিক মুহূর্ত।
কমেডি কিং হিসেবে পরিচিত এ অভিনেতা এবার হাসির বদলে দর্শকদের চোখে জল আনলেন। সম্মাননা গ্রহণের সময় পুরো ভাষণটি ফরাসিতে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। তার এ আন্তরিক প্রচেষ্টা উপস্থিত ফ্রান্সের চলচ্চিত্র জগতের দিকপালদের এতটাই মুগ্ধ করে যে তারা দাঁড়িয়ে ক্যারিকে সম্মান জানান।
আমেরিকান টানে ভাঙা ভাঙা ফরাসিতে জিম যখন কথা বলা শুরু করেন, মিলনায়তন ভর্তি দর্শক তখন পিনপতন নীরব। ক্যারি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে প্রতিটি চরিত্র ভাস্করের হাতের মাটির মতো, যাকে আপনি আপনার হৃদয়ের ইচ্ছা অনুযায়ী রূপ দেন। আমি কতটা ভাগ্যবান যে শিল্পটি এমন অনেক মানুষের সঙ্গে শেয়ার করতে পেরেছি, যারা সত্যিই আমার জন্য তাদের হৃদয় খুলে দিয়েছেন।’
ভাষণের এক পর্যায়ে জিম তার পূর্বপুরুষদের ইতিহাস টেনে আনেন। তিনি জানান, প্রায় ৩০০ বছর আগে তার প্রপিতামহ মার্ক-ফ্রাঁসোয়া কারে ফ্রান্সের সেন্ট মালোতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তী সময়ে কানাডায় পাড়ি জমান। ফরাসি শব্দ ‘কারে’ অর্থ বর্গক্ষেত্র বা স্কয়ার। নিজের বংশপদবির কথা উল্লেখ করে রসিকতা করে ক্যারি বলেন, ‘আজ রাতে এ মহিমান্বিত সম্মানের মাধ্যমে, বর্গক্ষেত্রটি (কারে) পূর্ণতা পেল।’
অনুষ্ঠানে জিমের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা জেন, নাতি জ্যাকসন ও বান্ধবী মিনা। আবেগজড়িত কণ্ঠে পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন তিনি। সবশেষে ক্যারি স্মরণ করেন তার বাবাকে। জিমের ভাষায়, ‘ধন্যবাদ আমার চেনা সবচেয়ে মজার মানুষটিকে: আমার বাবা পার্সি জোসেফ ক্যারি। তিনি আমাকে ভালোবাসা, উদারতা ও হাসির মূল্য শিখিয়েছিলেন।’
পুরো ভাষণ ফরাসিতে দিলেও শেষে নিজের সিগনেচার কমেডি স্টাইলে ফিরে আসেন তিনি। দর্শকদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘তো, আমার ফরাসি কেমন ছিল? অনেকটা সাধারণ মানের, তাই না? আমাকে ক্ষমা করবেন, আমি ফরাসি জানতাম না, কেবল শিখছি। আমার জিভ এখন ক্লান্ত হয়ে গেছে।’
সূত্র: ভ্যারাইটি










