স্ক্যারবরোর ২২ লেবোভিক এভিনিউয়ের সিনেপ্লেক্স ওডেনে পর্দা উঠেছে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত পঞ্চম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের নিয়ে সোমবার শুরু হয় ছয় দিনব্যাপী এ আয়োজন। টরন্টো শহরের তিনটি স্থানে চলবে এ চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র, পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে এ উৎসবে।
কানাডার জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক এবং পঞ্চম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এর সমন্বয়ক মনিস রফিক উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্ক্যারবরো সাউথওয়েস্টের কাউন্সিলর গ্যারি ক্রাফোর্ড, বাংলাদেশের প্রখ্যাত কবি আসাদ চৌধুরী এবং টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও পঞ্চম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক এনায়েত করিম বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চলে চলচ্চিত্র প্রদর্শনী। প্রথম দিনে কানাডার চলচ্চিত্র নির্মাতা জসলিন রোজার্সের দ্য লিভিং রুম, সাইফুল ওয়াদুদ হেলালের মুনিয়া’স স্টোরি ও সোফি রোমভারির স্টিল প্রসেসিং, ইউক্রেনের চলচ্চিত্র নির্মাতা ওলেহ ভালিদাজেহের দ্য পাথ, ইরানের চলচ্চিত্র নির্মাতা সাইয়িদ ভালিজাদেহের সিক্সথ ওয়েভ, ইতালির চলচ্চিত্র নির্মাতা হোয়াট আ ড্রিম ইট উড বি আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, গ্রিসের এলিফথিয়েরিইয়া স্টেফানোউরির মান্টো, তিউনিশিয়ার রিম নাকহির নুর এবং বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের লাল মোরগের ঝুঁটি প্রদর্শিত হয়।
এবারের চলচ্চিত্র উৎসবে ৪৯টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ১৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ইনপারসনের সঙ্গে সঙ্গে এ উৎসব অনলাইনে উপভোগ করা যাবে।










