গত বছরের ব্যবসাসফল সিনেমা ‘তুফান’। সিনেমাটির নির্মাতা রায়হান রাফী ‘তুফান’-এর সাফল্যের পর নতুন একটি সিনেমায় শাকিব খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত নতুন সিনেমার নাম ‘তাণ্ডব’।
বৃহস্পতিবার রাতে শাকিব খান আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।
শাকিব খানের সঙ্গে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ‘তুফান’ সিনেমার সফল প্রযোজক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন।
এ সময় ‘তাণ্ডব’-এর পরিচালক, হালের তুমুল জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী উপস্থিত ছিলেন। মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে ‘তাণ্ডব’ টিমের। মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।
এদিকে, শাকিব ছাড়া এ সিনেমায় আর কারা থাকছেন কিংবা শাকিব খানের বিপরীতে কাকে দেখা যাবে—এ বিষয়ে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান।










