স্টিফেন স্পিলবার্গের জনপ্রিয় সিনেমা ইটি। এ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে আরো সিনেমা। এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা অন্য পৃথিবীর ইটি চরিত্র হিসেবেও জনপ্রিয় হয়েছিল। এবার কোনো ভক্ত চাইলে ইটিকে নিজের ঘরে নিয়ে আসতে পারবে। সিনেমার কিছু প্রপসের সঙ্গে ইটির মডেলটি নিলামে উঠছে। মূল্য পরিশোধ করে ইটিকে নিজের করে নিতে পারে যে কেউ।

নিলামের আয়োজনটি করছে জুলিয়েন’স অ্যাকশন অ্যান্ড টার্নার ক্ল্যাসিক মুভিজ। মজার ব্যাপার, সিনেমাটির ৪০ বছর পূর্তিতে হচ্ছে এ নিলাম। সিজিআই প্রযুক্তি আসার আগে ৮৫ পয়েন্টের মুভমেন্ট নিয়ে ১২ জন প্রফেশনাল অ্যানিমেটর ইটিকে সাজিয়েছিলেন। সেকালে এটিকে ইঞ্জিনিয়ারিং ডিজাইনের অন্যতম সেরা কাজ হিসেবে ধরা হয়। ইটিকে মূলত তৈরি করেছিলেন ইতালিয়ান স্পেশাল এফেক্ট ডিজাইনার কার্লো র‍্যমবাল্ডনি। ধারণা করা হচ্ছে, নিলামে এর মূল্য উঠতে পারে ৩ মিলিয়ন ডলার। অস্কারে ইটি নয়টি মনোনয়ন পেয়েছিল। এর মধ্যে ভিজুয়াল এফেক্টের জন্য কারলো ও তার সহকর্মীরাসহ আরো চারটি পুরস্কার পায় সিনেমাটি।

নিলামে আরো থাকছে ইটির প্রথম ম্যাকেট ডিজাইন। এটি দেখিয়েই স্পিলবার্গের সায় নেয়া হয়েছিল। ডিজাইনটি ৮০ হাজার থেকে ১ লাখ ডলার দামে বিক্রি হতে পারে। ইটির মেকানিক্যাল ইলাস্ট্রেশনের ব্লুপ্রিন্ট ১০-২০ হাজার ডলারে বিক্রি হতে পারে। এছাড়া নিলামে হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির কিছু প্রপস রাখা হচ্ছে। এর মধ্যে থাকছে ড্যানিয়েল র‍্যাডক্লিফ তথা হ্যারি পটারের ব্রুমস্টিক। 


সূত্র: দ্য গার্ডিয়ান