৯৮তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশী চলচ্চিত্র আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) জানায়, বাংলা ভাষায় নির্মিত এবং প্রেক্ষাগৃহে ইংরেজি সাবটাইটেলসহ টানা সাতদিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত চলচ্চিত্র এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি নির্বাচিত সিনেমাটি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের (এএমপিএএস) নির্ধারিত নিয়ম ও মানদণ্ড পূরণ করতে হবে।
জমা দেয়ার জন্য প্রযোজক বা স্বত্বাধিকারীকে পূর্ণাঙ্গ আবেদন ফরম, প্রদর্শনীর প্রমাণপত্র, দুটি ডিভিডি বা ব্লু-রে কপি (অথবা একটি নিরাপদ ডিজিটাল লিঙ্ক), প্রেস কিট, গল্প সংক্ষেপ এবং চলচ্চিত্রের মূল ক্রেডিট জমা দিতে হবে।
চলচ্চিত্র জমা দেয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর বিকাল ৫টা। আগ্রহী প্রযোজকদের বিএফএফএস কার্যালয়ে (প্ল্যানার্স টাওয়ার, বাংলামোটর, ঢাকা) চলচ্চিত্র জমা দিতে হবে।
অস্কারের মূল অনুষ্ঠান হবে আগামী ২০২৬ সালের ১৬ মার্চ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে। এবারের আসরে ২৪টি শাখায় পুরস্কার দেয়া হবে, যার মধ্যে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম অন্যতম।









