কিছুদিনের বিরতির পর দেশের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আবারো সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন। সরকারি অনুদানে ছটকু আহমেদ নির্মাণ করতে যাচ্ছেন ‘আহারে জীবন’ নামের সিনেমা। এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। এ নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, আজ সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছেন। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে আহারে জীবনের শুটিং চলবে টানা কয়েকদিন। এ সিনেমায় পূর্ণিমা ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুচরিতা, ফেরদৌস আহমেদ, মিশা সওদাগর ও শাহনূর। এ নিয়ে পূর্ণিমা বলেন, ‘আহারে জীবনের গল্প শুনে ভালো লেগেছে। তাছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন পরিচালক। সালমান শাহকে নিয়ে তিনি নির্মাণ করেছেন সত্যের মৃত্যু নেই ও বুকের ভেতর আগুন নামের দুটি দর্শকপ্রিয় সিনেমা। এমন গুণী পরিচালকের সিনেমায় কাজ করতে যাচ্ছি, এটা ভালো লাগার বিষয়। আর এতে আমার বন্ধু ফেরদৌসও আছে। এরই মধ্যে সুচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো সিনেমা হবে আহারে জীবন।’ এ ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন শহীদুল্লাহ দুলাল। ২০২১-২২ সালের সরকারি অনুদানে ৬০ লাখ টাকা পেয়েছেন ছটকু আহমেদ। এ সিনেমার সহযোগী পরিচালক তাজু কামরুল। আহারে জীবনে পূর্ণিমার বিপরীতে থাকবেন জনপ্রিয় তারকা ফেরদৌস আহমেদ। একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস ও পূর্ণিমা। এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর ফেরদৌস আহমেদ বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগে ছটকু ভাইয়ের সিনেমা “বুকের ভেতর আগুন”-এ অভিনয় করেছিলাম। আমাদের সবার প্রিয় সালমান শাহর অকালপ্রয়াণে তারই চরিত্রে আমাকে স্থলাভিষিক্ত করা হয়েছিল। এরপর তার কোনো সিনেমায় কাজ করা হয়ে ওঠেনি। দীর্ঘ বিরতির পর আবার কাজ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। এছাড়া আহারে জীবনে সহশিল্পী হিসেবে আমার খুব ভালো বন্ধু পূর্ণিমাও আছে। সেটিও আমার বিশেষ ভালো লাগা।’
পূর্ণিমা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরেফিন শুভ। গাঙচিল সিনেমাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে।
পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। পূর্ণিমার রুপালি জগতে পথচলা শুরু করেছিলেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে।










