রণবীর সিংয়ের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং সেটে ঘটে গেছে অপ্রত্যাশিত বিপত্তি। লেহ জেলার পাঠার সাহিব এলাকায় শুটিং চলাকালে খাবার খেয়ে অন্তত ১২০ জন কলাকুশলী অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে সিনেমার শুটিং।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১৭ আগস্ট প্রায় ৬০০ জনকে খাবার পরিবেশন করা হয়, যার মধ্যে ১২০ জনের তীব্র পেটব্যথা, বমি ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দেয়। দ্রুত তাদের সজল নারব্বু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। শোনা যাচ্ছে, কয়েকজনের হৃদরোগজনিত জটিলতাও দেখা দিয়েছে। এ ঘটনার পর খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে দূষণের সঠিক কারণ চিহ্নিত করা যায়।
‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন রণবীর সিং ও পরিচালক আদিত্য ধর। সিনেমার টিজারেই ইঙ্গিত মিলেছে যুদ্ধ, বিশ্বাসঘাতকতা ও সাহসিকতার গল্পের। এতে আরো অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপাল।
চলতি বছরের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এর পরপরই রণবীর সিং ব্যস্ত হয়ে পড়বেন ‘ডন ৩’-এর শুটিংয়ে। এছাড়া আদিত্য ধরের সঙ্গে তার আরেকটি নতুন প্রজেক্টেরও পরিকল্পনা রয়েছে।










