অ্যালেন স্বপনের ৪০০ কোটি টাকার রহস্য কি এবার উন্মোচিত হবে? কমবেশি সবারই এই এক প্রশ্ন। কারণ মাইশেলফ অ্যালেন স্বপনের গল্পটা শেষ হয়েছিল ৪০০ কোটি টাকার রহস্যে। সিন্ডিকেট থেকে যে যাত্রা শুরু করেছিলেন শিহাব শাহীন, সেটি নতুন মোড় নিয়েছিল মাইশেলফ অ্যালেন স্বপনে। এবার আসছে গল্পের দ্বিতীয় অধ্যায়।
চরকি অরিজিনাল সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপন-২ এর ঘোষণাও এসেছিল ৪০০ কোটি টাকার রহস্যের কথা দিয়ে। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে মাইশেলফ অ্যালেন স্বপন-২। চাঁদরাতে সাত পর্বে জানা যাবে গল্পটি। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রাত ১২টায় মুক্তি পাবে সিরিজটি।
সিরিজের নতুন সিজন নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘স্বপন তার মতোই থাকছে নতুন সিজনে। তবে আমরা এবার সিরিজের স্কেল বড় করার চেষ্টা করেছি। কোনো জনপ্রিয় সিরিজের দ্বিতীয় সিজনে চরিত্রগুলোর জটিলতা, তারা কীভাবে এগিয়েছে— এসব গুরুত্বপূর্ণ। সেদিক থেকে সিরিজটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করি। দ্বিতীয় সিজনে আরো অনেক কিছুই যুক্ত হয়েছে।’

বৈয়াম পাখি দিশার চরিত্রে জেফার রহমান
টুইস্ট আরো বাড়াতে সিরিজে যুক্ত হয়েছে নতুন চরিত্র বৈয়াম পাখি দিশা। এই চরিত্রে অভিনয় করেছেন জেফার রহমান। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিরিজটির গান ও টিজার। ২৯ মার্চ রাতে প্রকাশ পেয়েছে ট্রেলার। ট্রেলার দেখে মনে হচ্ছে, সিরিজে বড় চাল হতে চলেছে দিশার চরিত্রটি।
এছাড়া, শায়লা ও মোমেনা চরিত্রও থাকছে সমান্তরালে। কে কাকে বিপদে ফেলছে, কে কেমন অঙ্ক কষছে—সব জানা যাবে চাঁদরাতে। ট্রেলারের একদম শেষে শায়লা চরিত্রের কণ্ঠে ‘চরশো কোটির পঞ্চাশ কোটি আমারে দিবা’ এবং শুরুর দিকে মোমেনার কণ্ঠে ‘তোমাকে তো চিনে ফেলেছি যাদুর বাপ’ সংলাপ দুটি দর্শকদের নিয়ে যেতে পারে নানা সমীকরণে।
মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজের প্রথম সিজন এত জনপ্রিয় হয়েছিল যে, ২০২৩ সালে চরকিতে মুক্তির পর আট দিনে দুই কোটি মিনিট স্ট্রিমিং হয়। এমনকি মাত্র ১০০ ঘণ্টায় এক কোটি মিনিট স্ট্রিমিংয়ের রেকর্ড গড়ে অ্যালেন স্বপন।
প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। নতুন চরিত্র হিসেবে যুক্ত হয়েছেন জেফার রহমান ও সুমন বড়ুয়া।










