রাজধানীর আনন্দ সিনেমা প্রদর্শিত হচ্ছে প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত সিনেমা ‘দুই দিনের দুনিয়া। ১৭ বছর পর দেশের প্রেক্ষাগৃহে মান্নার এ সিনেমা
ফের প্রদর্শিত হচ্ছে। এর আগে, ২০০৮ সালের ২৩ মে সারা দেশে মুক্তি পেয়েছিল ‘দুই দিনের দুনিয়া’ সিনেমাটি। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত এই সিনেমাটিতে মান্নার বিপরীতে অভিনয় করেছেন জনা।

সাম্প্রতিক সময়ে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি পেলেও দর্শক আসছে না। তাই হল কর্তৃপক্ষ নতুন সিনেমা মুক্তির চেয়ে পুরনো সিনেমা নিয়েই বেশি আগ্রহী। মান্না অভিনীত ‘দুই দিনের দুনিয়া’ সিনেমাটি সেই সময় ব্যবসা সফল হয়েছিল। তাই মুক্তির এত বছর পরও সিনেমাটি আবারো প্রেক্ষাগৃহে এলো।

এ সম্পর্কে হল কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলেন, ‘নায়ক মান্নার সিনেমা এখনো অনেকে দেখতে চান। মান্নার সিনেমা মুক্তি দিলে কিছু দর্শক হলে আসেন। আমরাও পুরোনো সিনেমা চালাচ্ছি বাধ্য হয়ে। কারণ এখন নতুন সিনেমা নেই। গত শুক্রবার থেকে সিনেমাটি চলছে। তবে পুরোনো সিনেমা হিসেবে প্রথম দুইদিন ভালোই ছিল।’

উল্লেখ্য, ২০০৮ সালের এই দিনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুর ১৬ বছর পার হলেও তার জনপ্রিয়তার এতটুকুও ভাটা পড়েনি। এখনও মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।