লেডি গাগার কুকুর তদারককারীকে গুলি ও দুটি
ফরাসি বুলডগ চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে ২১ বছরের জেল দিয়েছে মার্কিন আদালত। গত বছর
লস অ্যাঞ্জেলসে ছিনতাই হওয়া কুকুর ফিরে পেতে ৫ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন
এই পপ তারকা। খবর দ্য গার্ডিয়ান।
জেমস হাওয়ার্ড জ্যাকসন নামের এক ব্যক্তি ও
তার দুই সঙ্গী এই ঘটনায় জড়িত ছিল।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসের
ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ
সমর্থনে কোন কারণ উপস্থাপন করেনি।
আরো বলা হয়, এই রায় সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণের
জন্য জ্যাকসনকে দোষী সাব্যস্ত করছে এবং ক্ষতিগ্রস্তের জন্য ন্যায়বিচার প্রদান করছে।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি জ্যাকসন, জেলিন
হোয়াইট ও লাফিয়েট হোয়েলি মিলে লেডি গাগার ফরাসি বুলডগ ছিনতাই করেন। ওই সময় গুলিতে মারাত্মকভাবে
জখম হয়েছিলেন বুলডগ তদারকে থাকা রায়ান ফিশার। জ্যাকসন তাকে আধাস্বয়ংক্রিয় বন্দুক দিয়ে
গুলি করে।
পরে কোজি ও গুস্তাভ নামের বুলডগ দুটি নিয়ে
যায় অভিযুক্ত ব্যক্তি। তবে তৃতীয় বুলডগ মিস এশিয়া পাশের ঝোপের আড়ালে থাকায় তাকে নিতে
পারেনি।
এ সময় অভিযুক্তরা রক্তাক্ত অবস্থায় ফিশারকে
মাটিতে ফেলে রেখে যায়। তবে গোয়েন্দাদের দাবি, ছিনতাইকারীরা জানত না বুলডগের মালিক লেডি
গাগা।
ছিনতাইয়ের ঘটনার পর লেডি গাগা বুলডগ দুটোর
খোঁজে ৫ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দেন। এর কয়েক দিন পর জনৈক কোজি ও গুস্তাভকে নিয়ে
হাজির হয়।
অবশ্য এই রায় শোনার পর লেডি গাগার পক্ষ থেকে
তাৎক্ষণিক কোন মন্তব্য করা হয়নি।










