বাংলাদেশের ‘২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং পাকিস্তানের ‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল’-এ অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে চলচ্চিত্র নয়া মানুষ। আ. মা. ম. হাসানুজ্জামানের বেদনার বালুচরে উপন্যাস অবলম্বনে, মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশু শিল্পী ঊষশী।

চলচ্চিত্রটির বিভিন্ন উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নাট্যকার, নাট্যনির্দেশক ও চিত্রনাট্যকার মাসুম রেজা বলেন,
‘‌নয়া মানুষ পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে—এটা ভীষণ আনন্দের। এই সিনেমার চিত্রনাট্য তৈরি করতে গিয়ে আমাকে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সামাজিকতা ও ধর্মের নানা জটিল প্রশ্নের সমাধান করতে হয়েছে। মূলত সিনেমাটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের গল্প বলে। আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হলে আমাদের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের বাস্তব চিত্র দর্শকদের সামনে উঠে আসবে। আমি চাই সারা বিশ্বের সব ভাষাভাষী মানুষ এই সিনেমাটি দেখুক।’

এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নয়া মানুষ প্রতিযোগিতা করবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে।

অন্যদিকে, পাকিস্তানের করাচিতে আর্টস কাউন্সিল অব পাকিস্তান (এএসিপি) ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে ২৭ নভেম্বর ২০২৫ স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে নয়া মানুষ।

দেশ ও বিদেশের দুটি মর্যাদাপূর্ণ উৎসবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ায় নয়া মানুষ–এর নির্মাণসংশ্লিষ্ট সবাই বেশ আনন্দিত। নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন,
‘‌আমরা একটি সহজ-সরল গল্প দর্শকদের সামনে আনতে চেয়েছি। আমাদের এই প্রচেষ্টা দেশ-বিদেশে উৎসাহ পাচ্ছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এটি আমার প্রথম চলচ্চিত্র, আর এই সাফল্য আমার পরবর্তী নির্মাণে অনুপ্রেরণা যোগাচ্ছে।’