চলতি বছর নেপালে প্রশংসিত সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সুচনা’ এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। আগামী ১৮ জুলাই থেকে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে সিনেমাটি। সাফটা চুক্তির আওতায় আমদানি করেছে শো মোশন লিমিটেড। এ সিনেমার বিনিময়ে নেপালে রপ্তানি হচ্ছে ‘ন ডরাই’ সিনেমা।
সিনেমাটি পরিচালনা করেছেন দীপেন্দ্র গাউছান। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিটের এই নেপালি ভাষার সিনেমাটি এরই মধ্যে লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেম দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে।
সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে দুই চরিত্রকে ঘিরে। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় তাদের। এরপরপাহাড়ি অঞ্চলের এক ক্যাফেতে তাদের প্রথম দেখা হয়। অনিচ্ছাকৃত ঘটনায় সেখান থেকে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটিকে অপহরণ করেন সেই ছেলে। সেখান থেকেই শুরু হয় অপহরণের ‘ভুল–বোঝাবুঝির’ যাত্রা। সেই মেয়েকে মধেশের সমতলভূমিতে নিয়ে যায় ছেলেটি। মেয়েটি প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব জন্ম নেয়। ছেলেটি তাকে নেপালের মধেশের সুন্দর জায়গাগুলো দেখান।
মেয়েটি সেখানকার মানুষ আর সংস্কৃতি ভালোবাসতে শুরু করেন। তারা দুজন ভিন্ন সম্প্রদায়ের হলেও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন। সিনেমাটিতে নেপালের তরাই অঞ্চলের পাহাড়ি এলাকা মধেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনধারা তুলে ধরা হয়েছে।
নেপালে মুক্তির পর দর্শক ও সমালোচক মহলে ইতিবাচক সাড়া পাওয়া সিনেমাটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য বড় পর্দায় আসছে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ অন্যান্য শহরের স্টার সিনেপ্লেক্সের শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে।









