সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায় ২১ ও ২২ জুন একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হবে।

২১ জুন উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য, সম্প্রচার, সংস্কৃতি, নীতি ও কৌশল বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এছাড়া বরেণ্য প্রবীণ গীতিকার মনিরুজ্জামান মনির সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুইদিনের এ বিশেষ আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, উৎসবের প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে বিশেষ সাংস্কৃতিক ও বর্ণিল সংগীতানুষ্ঠান। যেখানে বাংলাদেশের সংগীতজগতের বিভিন্ন প্রজন্মের প্রথিতযশা ও উদীয়মান কণ্ঠশিল্পীরা একই মঞ্চে গান পরিবেশন করবেন।

উৎসবে বিভিন্ন ধারা, সুর ও লোকজ ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো সংগীত পরিবেশনাগুলো দর্শকদের গভীরভাবে মুগ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উৎসবটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।