দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমানা ছাড়িয়ে কলকাতায়ও তুমুল জনপ্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি তিনি জানালেন তার আসন্ন সিনেমার কথা। করোনাকালে মাত্র ১৫ দিনে একটি সিনেমা বানিয়েছিলেন খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। দুই বছর আগে পিপলু আর খানের সঙ্গে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। এ নিয়ে পরে নীরব ছিলেন। তবে করোনা মহামারীর সময়ে মাত্র ১৫ দিনে সিনেমা বানিয়ে ফেলেছিলেন পিপলু খান। এবার জয়া পোস্টারসহ সিনেমার নাম প্রকাশ করেছেন। স্বল্পদৈর্ঘ্যের এ সিনেমার নাম ‘জয়া আর শারমিন’। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু খান এবং নুসরাত ইসলাম মাটি।

সম্প্রতি জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন কাজের বিষয়ে লিখেছেন, ‘অবশেষে জয়া আর শারমিন, দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত-অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটি ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’

সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান নিজেই। শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী মহসিনা আক্তার। এ নিয়ে জয়া আরো লেখেন, ‘আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এ যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা।’

জয়া আর শারমিন কবে মুক্তি পাবে সেটি এখনো জানানো হয়নি। সিনেমাটি প্রযোজনা করেছে পিপলু আর খানের ‘অ্যাপল বক্স’, আবু শাহেদ ইমনের ‘বক্স অফিস মাল্টিমিডিয়া’ এবং জয়ার প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’। বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খান এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘হাসিনা: আ ডটারস টেল’ তথ্যচিত্র বানিয়ে প্রশংসা পেয়েছেন। এখন দেখার পালা জয়া আর শারমিন দিয়ে তিনি কী চমক দেখান।

অন্যদিকে সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর। এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মাহমুদ দিদার পরিচালিত এ সিনেমায় বিউটি নামের এক নারীর জীবন-সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে, যিনি একটি সার্কাস দল চালান। তার চরিত্রেই অভিনয় করেছেন জয়া আহসান।