অভিনেতা ইয়াশ রোহানকে শুরু থেকেই বাহুল্যতা বর্জিত, অকৃত্রিম মানুষ মনে হয়েছে। গত বছরের জুনে তার সঙ্গে এক আড্ডায় ‘পরাণ’ প্রসঙ্গ এসেছিল। উচ্ছ্বসিত ইয়াশ বলেছিলেন, ‘আমার কথা বলছি না। তবে পরাণ মুক্তির পর বিদ্যা সিনহা মিম আর শরীফুল রাজ অন্য উচ্চতায় চলে যাবে।’ এ বছর যখন ঈদের সিনেমায় পরাণ মুক্তির আওয়াজ উঠেছিল, সঙ্গে সঙ্গে মিম যোগাযোগ করে আমার সঙ্গে, ‘ভাইয়া, তুমি তো সবসময় ভালো সিনেমার সঙ্গে থাকো। পরাণের সঙ্গে থেকো।’ মিমকে নিজের সিনেমার ব্যাপারে এতটা আত্মবিশ্বসী এর আগে খুব কম দেখেছি। এমনো হয়েছিল অতীতে মিমকে আমি বলেছি তার অমুক সিনেমা হলে দেখতে যাব। মিম নিষেধ করেছিল, ‘শুধু শুধু সময় নষ্ট করো না ভাইয়া। সিনেমাটা যা হওয়ার কথা ছিল, কিছুই হয়নি।’

অভিনেতা শরীফুল রাজকে নিয়ে বরাবরই আফসোস হতো, রাজ তার যোগ্যতা অনুযায়ী সাফল্য পাচ্ছে না। রাজের সঙ্গে কথা  হয়েছিল ঈদের দুদিন আগে। বললেন, ‘কষ্ট তো করেই যাচ্ছি প্রতিটি কাজের জন্য। কেষ্ট একদিন মিলবেই। হয়তো পরাণই কিছু একটা ঘটাতে যাচ্ছে।’

রাজ ভুল বলেননি। গত শনিবার সস্ত্রীক পরাণ দেখতে গিয়ে কানায় কানায় পূর্ণ সিনেমা হল আর দর্শকের প্রতিক্রিয়া দেখে বুক ভরে গেছে। মধ্যবিরতিতে মেয়েদের রাজকে নিয়ে মন্তব্য শুনে নিশ্চিত হয়েছি, পরাণের মাধ্যমে আগামী দিনের একজন সুপারস্টারের জন্ম হয়েছে। বরগুনার চাঞ্চল্যকর ঘটনা কতটুকু পর্দায় আসবে, কীভাবে পর্দায় আসবে—সে ব্যাপারে একটা আগ্রহ তো ছিলই। কতটুকু সত্য, কতটুকু কল্পনার আশ্রয় নেবেন চিত্রনাট্যকার-পরিচালক; সে প্রশ্নের উত্তর খুঁজতেই গিয়েছিলাম স্টার সিনেপ্লেক্সে। সিনেমা দেখা শেষ করে যা পেয়েছি, তা প্রত্যাশার চেয়েও অনেক বেশি। শাহজাহান সৌরভ ও রায়হান রাফীর চিত্রনাট্য, গল্প বলার ভঙ্গি এক মুহূর্তও আমাকে সিনেমা হলে স্থির থাকতে দেয়নি। অনেক দিন পর এমন একটি সিনেমা পেলাম, যেখানে প্রেম আছে, যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাকশন আছে, ক্লেদহীন কমেডি আছে, গান আছে, পারিবারিক সেন্টিমেন্ট আছে, চোখ ভিজিয়ে দেয়ার মতো সিকোয়েন্স আছে, টুইস্ট আছে এবং অবশ্যই একটি বার্তা আছে। সব মিলিয়ে পরাণ পয়সা উসুল সিনেমা এবং অবশ্যই এখন পর্যন্ত রায়হান রাফীর সেরা সিনেমা।

বিদ্যা সিনহা মিমকে এর আগে এতটা ভালো কোনো সিনেমায় লেগেছে, মনে পড়ে না। প্রথমত, অনন্যা চরিত্রে অভিনয় করার সাহসের জন্য বড় আকারের একটি হাততালি পাওয়ার যোগ্য মিম। মূলধারার বাংলা সিনেমায় খুব কমই ডায়নামিক নারী চরিত্র পাওয়া যায়। অনন্যা চরিত্রের এত শেডস, এত লেয়ার; যে চরিত্রের প্রতিটি স্তরে অভিনয় করতে গিয়ে মিম নিজের মেধা প্রমাণ করেছেন।

ইয়াশ রোহানের সিফাত চরিত্রকে আরেকটু ধ্যান দেয়া হলে দর্শকের মন তৃপ্ত হতো। অনন্যার প্রেমে সিফাত কখন, কীভাবে পড়ল, এ বাঁকগুলো আরেকটু স্বচ্ছভাবে পর্দায় এলে আরেকটু বেশি সন্তুষ্ট হতাম। তবে ইয়াশ যতক্ষণ স্ক্রিনে ছিলেন, ভীষণ বিশ্বাসযোগ্য ছিলেন। সবার মতো আমিও বলব, পরাণ ছবির অন্যতম বড় চালিকাশক্তি শরীফুল রাজ। পানিতে এন্ট্রি সিন থেকে শুরু করে বাইক চালানো, গানের দৃশ্য, অ্যাকশন, সংলাপ প্রক্ষেপণের ভঙ্গি, ভয়েস মড্যুলেশন—প্রতিটি দৃশ্যেই রাজ যেন আগুন ঝরিয়েছেন পর্দায়। আমাদের চলচ্চিত্রের পর্দায় এমন পৌরুষদীপ্ত নায়কেরই খুব বেশি দরকার, যিনি কখনো রোমানের মতো আপাতদৃষ্টিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের সিমপ্যাথি আদায় করে নেবেন, আবার কখনো নেটওয়ার্কের বাইরের মতো ওয়েব ফিল্ম বা আইসক্রিমের মতো সিনেমায় শহুরে চরিত্রে নিজেকে আল্ট্রামডার্ন হিসেবে উপস্থাপন করবেন। কখনো আবার গুণীনের মতো গ্রাম্য চরিত্রে অভিনয় করে বিশ্বাস করাতে বাধ্য করবেন, তিনি গ্রামেরই সন্তান। রাজ এখন পর্যন্ত সব সিনেমায়ই তার আগের সিনেমার চরিত্র ভুলিয়ে দিয়ে ‘চরিত্র’ হয়ে যেতে পারছেন। এ ধারাবাহিকতা বজায় রেখে, মাথা ঠাণ্ডা রেখে কাজ করে যেতে পারলে রাজের জয়যাত্রা চলবেই।

পরাণ সিনেমায় আরেকটি ভালো লাগার দিক পার্শ্ব অভিনয়শিল্পীদের অভিনয়। শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, রাশেদ মামুন অপু, মিলি বাশার ও নাম না জানা মিমের ছোট বোন চরিত্রে যিনি অভিনয় করেছেন—সবাই ভীষণ বিশ্বাসযোগ্য, গল্পের সঙ্গে মিশে গেছেন। নাসিরউদ্দিন খান তো আরেক ভালোবাসার নাম। আমাদের দেশে এমন অভিনেতা আছে, ভাবতেই গর্ব হয়। রোজী সিদ্দিকীও তার চরিত্রে সেরা। তবে একই ফ্রেমে, একই জোনে তার চরিত্রটি বারবার না দেখিয়ে চরিত্রটি নিয়ে আরেকটু বোধহয় খেলা যেত। লুত্ফর রহমান জর্জের চরিত্রটিও তার নিজের ডাবিংয়ের অভাবে কিছুই হয়ে উঠতে পারেনি। রঙ বিন্যাস কিছু ক্ষেত্রে বেশ এলোমেলো ছিল। গানের সাউন্ড খুব একটা হূদয়গ্রাহী ছিল না। যদিও চল নিরালায় এবং পরাণ টাইটেল ট্র্যাক মুগ্ধ হয়ে দেখেছি। বিশেষ করে এ ছবির আবহ সংগীত মন ছুঁয়ে যায়। মিছিল সাহা এক্ষেত্রে চোখে আরাম দেয়ার মতো চিত্রগ্রহণ করেছেন। ময়মনসিংহের মনোরম লোকেশনগুলো নির্বাচন করার জন্য পরিচালক রাফী বিশেষভাবে ধন্যবাদ পাবেন। সম্পাদনায় সিমিত রায় অন্তর বরাবরের মতোই নির্ভরযোগ্য।

সব মিলিয়ে পরাণ শুধু এ বছরের নয়—সময়ের সেরা সিনেমার একটি। সিনেমা নির্মিত হয় বিনোদনের জন্য, কখনো দর্শকের বোধ/বিবেক জাগিয়ে তোলার জন্য। দুটি ক্ষেত্রেই পরাণ চূড়ান্ত সফল।

রুম্মান রশীদ খান

চিত্রনাট্যকার