চলে গেলেন কেভিন কনরয়। ক্যানসারের সঙ্গে লড়াই করে ৬৬ বছর বয়সে মারা গেলেন তিনি। ব্যাটম্যানের অ্যানিমেটেড সিরিজে কণ্ঠ দেয়ার কারণে বিখ্যাত তিনি। ‘ব্যাটম্যান: দি অ্যানিমেটেড’ সিরিজ ছিল দীর্ঘ সময় ধরে চলা ওয়ার্নার ব্রোসের সিরিজ। ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত ফক্স কিডসে ৮৫ এপিসোড প্রচার হয় সিরিজটির। এ সময় থেকেই ব্যাটম্যানের কণ্ঠটি দর্শকের কাছে পরিচিত হয়। কেবল পরিচিত নয়, বলা ভালো তুমুল প্রশংসিত হয়। সাধারণত কমিক থেকে সিনেমা বা সিরিজ হলে সেখানে কমিক বুক ফ্যানদের নানা অভিযোগ থাকে। কিন্তু ব্যাটম্যানের অ্যানিমেটেড এ সিরিজে কণ্ঠ নিয়ে সমালোচক ও কমিকভক্ত উভয়ই প্রশংসা করেছেন।
অ্যানিমেটেড সিরিজে জোকারের কণ্ঠ দিয়েছিলেন মার্ক হ্যামিল। কেভিন সম্পর্কে তিনি বলেন, ‘ কেভিন ছিলেন পারফেকশনের আরেক নাম। এ পৃথিবীতে আমার প্রিয় মানুষগুলোর মধ্যে তিনি একজন। তিনি তার নিকটজনদের সব ধরনের সহযোগিতা করতেন। আমি যখনই তার সঙ্গে কথা বলতাম আমার আত্মা নতুন করে জেগে উঠত।’
ব্যাটম্যানে কনরয়ের কণ্ঠ এতই জনপ্রিয়তা লাভ করে যে এরপর তিনি ডিসির অন্যান্য প্রজেক্ট যেমন ‘ব্যাটম্যান: আরখাম’ ও ‘ইনজাস্টিস’-এর মতো ভিডিও গেম প্রজেক্টে যুক্ত হন। ডিসি ইউনিভার্সের অরিজিনাল সিনেমা ‘ব্যাটম্যান: গথাম নাইট’ (২০০৮), ‘সুপারম্যান/ব্যাটম্যান পাবলিক এনিমিস’ (২০০৯) থেকে শুরু করে অন্যান্য সিনেমায় কাজ করেছেন। সর্বশেষ তিনি জাস্টিস লিগ অ্যানিমেটেড সিনেমায় ২০১৯ সালে কণ্ঠ দিয়েছেন।
১৯৯২ সালের রোমান্টিক ড্রামা ‘চেইন অব ডিজায়ার’ ছিল তার প্রথম ফিচার ফিল্ম। এছাড়া এনবিসি সোপ অপেরা অ্যানাদার ওয়ার্ল্ড ছাড়াও ক্ল্যাসিক সিরিজ ডালাস, মারফি ব্রাউন ও চিয়ার্সে অভিনয় করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ওয়ার্নার ব্রোস।
সূত্র: দ্য গার্ডিয়ান










