জনপ্রিয় মডেল নিবিড় আদনান। মডেলিংয়ে এক দশকের ক্যারিয়ারে দেশে ও বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। এবার আসছে ঈদে সানি সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় হাজির হতে চলেছেন এ মডেল। খুন রহস্যে ঘেরা একটি বিরল সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
এরইমধ্যেই মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির গান ও ট্রেলার। মঙ্গলবার মুক্তি পায় রবিউল ইসলাম জীবনের কথায় ইমরান ও কোনালের কন্ঠে চলচ্চিত্রটির প্রথম গান ‘তোমাকে চাই’। গানের দৃশ্যে নিবিড়ের সঙ্গে দেখা গেছে পূজা ক্রুজকে। ট্রেলারেও পূজার ‘রাজকুমার’ হয়ে ধরা দিয়েছেন নিবিড়। ইতিমধ্যেই বেশকিছু টেলিফিল্ম, সিরিজ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেন নিবিড়।
এবার নিজের গ্ল্যামারাস লুক ভুলে মফস্বলের এক যুবকের চরিত্রে বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন নিবিড়। সম্প্রতি চলচ্চিত্রটির টিজার মুক্তির পর মঙ্গলবার প্রথম গানটি প্রকাশের পরপরই ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রশংসায় ভাসছেন নিবিড়।
নিবিড় বলেন, `মডেলিংয়ে সাফল্য পেলেও সবসময় মনে হয়েছে অভিনয়ই আমার চূড়ান্ত গন্তব্য। সে লক্ষ্যেই দীর্ঘদিন নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করেছি। মঞ্চে অভিনয় শিখেছি। অডিশনের মাধ্যমে নিজেকে প্রমাণ করেই চলচ্চিত্রটিতে যুক্ত হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রটিতে আমাকে সিলেক্ট করায় সানি ভাইর প্রতি কৃতজ্ঞতা। ঈদে এটি মুক্তি পেতে যাচ্ছে, তাই ভীষন আনন্দিত। কখনো ভাবিনি এমন লুকে দর্শকের সামনে হাজির হবো। সানি ভাই সেটা করে দেখিয়েছেন। আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর কিংবা ফারুক আহমেদ, প্রত্যেকের চরিত্রই অসাধারণ, তাদের মতো সিনিয়র অ্যাক্টরদের সঙ্গে কাজ করে সমৃদ্ধ হয়েছি।'
প্রসঙ্গত, চলচ্চিত্রটিতে তার চরিত্রে সম্পূর্ণ অভিনয় করতে পারেনি নিবিড়। গত জুলাই-তে ক্যালিফোর্নিয়া একটি সম্মানজনক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিতে যোগ দেয়ার পর ব্যক্তিগত জরুরী কিছু কারণে যুক্তরাস্ট্রেই অবস্থান করতে হয়েছে তাকে।
এ নিয়ে নিবিড় বলেন, `চলচ্চিত্রটিতে অভিনয়ের মাঝপথেই ক্যালিফোর্নিয়ায় আসতে হয়। বেশ কিছু দৃশ্যে অভিনয় মিস করেছি। নইলে বড়পর্দায় প্রথম উপস্থিতিটা আরও দারুণ উপভোগ্য হয়ে উঠতো। আমি নির্মাতা-প্রযোজক এবং আমার নিজের কাছেও অনেক সরি। তবু আশা করছি, আমাকে যারা ভালোবাসেন তারা আমার অনুপ্রেরণা হয়েই থাকবেন।'









