মহামারীতে আবারো পেছাল ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটিফোর। আগামী ২ অক্টোবর থেকে ছবির মুক্তি পেছানো হয়েছে ২৫ ডিসেম্বরে। অন্যদিকে ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ডেনিস ভিলেনিউভের ড্যুন।

ওয়ান্ডার ওম্যান পেছানোয় বিপদে পড়লেন যুক্তরাষ্ট্রের হল মালিকরা। কারণ নভেম্বর পর্যন্ত আর বড় কোনো ছবি মুক্তি পাচ্ছে না।

ওয়ার্নার ব্রস জানিয়েছে, ওয়ান্ডার ওম্যানের মুক্তি পেছানোর জন্য দায়ী যুক্তরাষ্ট্রে হল খোলার বিষয়ে অনিশ্চয়তা। বিশেষত নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় বাজারের হলগুলো কবে খুলবে তা নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রে এখনো ৩৫ শতাংশ হল খোলেনি।

ওয়ান্ডার ওম্যান পেছানোয় অবশ্য সুবিধা হলো পরিচালক ক্রিস্টোফার নোলানের। তিনি তার টেনেট ছবির জন্য আরো বেশি দর্শককে টানতে পারবেন। কারণ সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে একে একে খুলছে বিভিন্ন এলাকার সিনেমা হল। তাই বেশকিছুটা সময় অনেকটা ফাঁকা মাঠেই খেলবেন নোলান।


টেনেট ও ওয়ান্ডার ওম্যান ছবি দুটোর মার্কেটিং বাদেই প্রডাকশন খরচ ২০ কোটি মার্কিন ডলার। তাই ছবিগুলোকে অন্তত বেশ কয়েকশ মিলিয়ন ডলার ব্যবসা করতে হবে।

ওয়ার্নার ব্রস প্রথমে টেনেট মুক্তি দিয়ে দর্শকদের মনোভাবটা বুঝতে চেয়েছে। এবার ওয়ান্ডার ওম্যান পিছিয়ে দিয়ে টেনেটের ব্যবসা করার পথ যেমন প্রশস্ত করল তেমনি নিশ্চিত করল ওয়ান্ডার ওম্যানের জন্য আরো বেশি সিনেমা হল। আর বড়দিনে ছবি মুক্তি দেয়ার বাড়তি বাণিজ্যিক সুবিধা আছে। ২০১৮ সালে অ্যাকুয়াম্যান এভাবে ভালো করেছিল।

টেনেট মুক্তি পায় ৩ সেপ্টেম্বর। তবে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের হলগুলো এখনো বন্ধ। মুক্তির দিন এই এসপিওনেজ থ্রিলার ২০ মিলিয়ন ডলার উপার্জন করে। গতকাল পর্যন্ত বিদেশের বক্সঅফিস থেকে ছবিটি ১৫০ মিলিয়ন ডলার আয় করেছে।

ওয়ান্ডার ওম্যানের প্রথম পর্ব মুক্তি পায় ২০১৭ সালে, প্যাটি জেনকিনের পরিচালনায় গাল গাদত ছিলেন নাম ভূমিকায়। ছবিটি বক্স অফিসে ৮২০ মিলিয়ন ডলার আয় করে। ওয়ার্নার ব্রস আগ্রহী হয়ে ওঠে এ ফ্র্যাঞ্চাইজি নিয়ে।

প্যাটি জেনকিন বলেছেন, ‘আমি ও গাল গাদত দুনিয়াজুড়ে ওয়ান্ডার ওম্যানের ভক্তদের ভালোবাসি। ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটিফোর নিয়ে আপনাদের আগ্রহ আমাদের আনন্দিত করে। আমরা চাই আপনার যেন দ্রুতই ছবিটি দেখতে পান। আমি জানি, ছবিটি বড় পর্দায় একসঙ্গে দেখাটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করি, আরেকটু অপেক্ষা করতে আপনারা কিছু মনে করবেন না। নতুন সূচিতে বড়দিনে মুক্তি পাবে ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটিফোর।’

হলিউডের আশা, হেমন্তে বক্স অফিস স্বাভাবিক হয়ে আসবে। যদিও ক্রমবর্ধমান কভিড সংক্রমণ হলগুলো খোলায় দেরি করিয়ে দিচ্ছে।

 

সূত্র: হলিউড রিপোর্টার