প্রযোজনা ও বিতরণ স্বত্ব নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘বারবারিয়ান’-খ্যাত পরিচালক জ্যাক ক্রেগারের নতুন সিনেমা ‘রেসিডেন্ট ইভিল’-এ নিজেদের হিস্যা পোক্ত করল সনি পিকচার্স। হলিউডের প্রথম সারির এ স্টুডিও জানিয়েছে, আগামী বছরের ১৮ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। খবর দ্য র্যাপ।
জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে তৈরি ‘রেসিডেন্ট ইভিল’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখছেন জ্যাক ক্রেগার। গল্পের কেন্দ্র থাকবে একটি করপোরেশন। যাদের কাছ থেকে একটি ভাইরাস সংক্রমণের কারণে বিশ্বব্যাপী জম্বিদের উৎপাত ছড়িয়ে পড়ে। এতে সহ-লেখক হিসেবে আছেন শাই হ্যাটেন।
অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও জ্যাক ক্রেগার ২০২২ সালে প্রথম হরর চলচ্চিত্র ‘বারবারিয়ান’ পরিচালনা করে আলোচনায় আসেন। সমালোচক প্রশংসিত ছবিটি প্রযোজনা করে টুয়েটিথ সেঞ্চুরি স্টুডিওস। এরপর তার লেখা চিত্রনাট্য ‘উইপনস’ নিয়ে স্টুডিওগুলোর মধ্যে প্রতিযোগিতা হয় এবং শেষ পর্যন্ত এটি ওয়ার্নার ব্রস অধিগ্রহণ করে। এ ছবিতে অভিনয় করছেন জশ ব্রোলিন ও জুলিয়া গার্নার। এটি আগামী জানুয়ারিতে মুক্তি পাবে।
হরর সিনেমা হিসেবে ‘রেসিডেন্ট ইভিল’ জনপ্রিয় নাম। পরিচালক পল ডব্লিউ এস অ্যান্ডারসন ২০০২ সালে মিলা ইয়োভোভিচকে নিয়ে প্রথম সিনেমাটি নির্মাণ করেন। পরবর্তী সময়ে যা ছয়টি সিনেমার একটি সফল ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে। এরপর ২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল: ওয়েলকাম টু রাকুন সিটি’ নামে রিবুট করে সনি পিকচার্স। কিন্তু সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং সমালোচকরাও পছন্দ করেননি।










