বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। প্রথমবারের মতো নিজের প্রেম, বিচ্ছেদ ও মানসিক লড়াইয়ের কথা শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে-তে অংশ নিয়ে।
শিরোনাম দেখে অনেকের মনে হয়েছিল এটি হয়তো নতুন কোনো নাটকের গল্প। কিন্তু বাস্তবে এটি জোভানের ব্যক্তি জীবনের অভিজ্ঞতা। প্রেম, বিচ্ছেদ আর কঠিন সময়ের কথাই তিনি অকপটে তুলে ধরেছেন এ পডকাস্টে।
পডকাস্টটির দ্বিতীয় মৌসুমের পঞ্চম পর্বে অতিথি ছিলেন জোভান। সঞ্চালনায় ছিলেন রুম্মান রশীদ খান। প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রচারিত হবে। এটিই জোভানের প্রথম কোনো পডকাস্টে অংশগ্রহণ।
পডকাস্টে জোভান জানান, অভিনয় জগতে কয়েক বছর পার করে একটি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এর স্থায়িত্ব ছিল মাত্র এক মাস। তবে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদে ফেলার অভিজ্ঞতার কথাও জানান। জোভানের মতে, এ কঠিন সময়গুলোই তাকে মানুষ ও অভিনেতা হিসেবে আরো শক্ত করেছে।
গত বছর জোভানের অভিনীত ৫৬টি নাটক মুক্তি পেয়েছে। এসব নাটকের মোট ইউটিউব ভিউ প্রায় ৫০৭ মিলিয়ন। ২০২৫ সালকে তার ক্যারিয়ারের অন্যতম সফল বছর বলা যায়। কোটিপতি, হৃদয় গভীরে, তোমাদের গল্প, ফিরে দেখা, হৃদয়ের এক কোণে নাটকগুলো দর্শকের বেশ সাড়া ফেলেছে। কোটিপতি নাটকে কেয়া পায়েলের বিপরীতে তার অভিনয় এবং তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে জুটি ছিল আলোচনায়।
নিজের সাফল্যের পেছনে দর্শকদের ভালোবাসাকেই সবচেয়ে বড় অনুপ্রেরণা মনে করেন জোভান। নতুন বছরে আরো ভালো কাজ উপহার দেয়ার পাশাপাশি পরিবারকে বেশি সময় দেয়ার ইচ্ছার কথাও জানান এই অভিনেতা।
এ পর্বে প্রেম–বিচ্ছেদের গল্পের পাশাপাশি জোভানের জীবনের উত্থান–পতন ও মানসিক সংগ্রামের কথাও উঠে এসেছে।










