রেডিও জকি হিসেবে অনেক আগে থেকেই মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন সারাহ্ আলম। ‘বাঙালি বিউটি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক তার। নিয়মিত মডেলিং করছেন। সম্প্রতি ওয়েব সিরিজ ‘বোধ’-এ শ্রাবন্তী চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তিনি। ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনাসহ আরো নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন সারাহ্। সাক্ষাৎকার নিয়েছেন সাবিহা জামান শশী

প্রথমে জানতে চাই ‘‌ বোধ’ ওয়েব সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ কেমন লাগছে? 

বেশির ভাগ ক্ষেত্রেই আমি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি দর্শকের কাছ থেকে। তবে শুরুতে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছিলাম। সময়ের সঙ্গে সবার মন্তব্য ইতিবাচক হয়েছে। সব মিলিয়ে আমি দর্শকের এমন ইতিবাচক প্রতিক্রিয়া নিয়ে খুব খুশি। 

যখন চিত্রনাট্য পড়লেন, তখন কেমন লেগেছিল বোধের গল্পটা?

আমি যখন বোধের অডিশনের জন্য যাই, তখন চিত্রনাট্য লেখার কাজ চলছিল। বোধের চিত্রনাট্যের পঞ্চম এডিশনটা আমি পেয়েছিলাম, তা-ও কেবল একটা সিন। ওটা অমিতাভ ভাই আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন। চিত্রনাট্য লিখেছেন রফিকুল ইসলাম পল্টু ও জাহিন ফারুক আমিন। সিনটা দেয়ার আগে তারা আমাকে গল্পটা বুঝিয়ে দিয়েছিলেন। তবে ফাইনাল চিত্রনাট্য পেয়েছি রিহার্সেলেরও অনেক পরে। একটা খুব মজার বিষয় হচ্ছে আমাদের রিহার্সেল থেকেও অনেক কিছু যুক্ত হয়েছে মূল গল্পের সঙ্গে। 

এসব কি এ বছরেরই ঘটনা?

হ্যাঁ, এটা চলতি বছরের জুনের দিকের কথা। তবে গল্প নিয়ে কাজ চলছিল অনেক আগে থেকেই। আর দর্শক যা দেখতে পেয়েছেন, তার অনেক কিছু রিহার্সেলের সময় যুক্ত হয়েছে। এটা খুব প্র্যাক্টিক্যাল এক্সপেরিয়েন্স ছিল। 

শ্রাবন্তী চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার পেছনের গল্প শুনতে পারি? 

প্রথম ধাক্কা তো ছিল শ্রাবন্তি হয়ে ওঠার জন্য আমার লম্বা চুল কেটে ফেলা। এরপর পরিচালক আমাকে চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে বলেছিলেন। পর্দায় শ্রাবন্তি গাড়ি চালিয়েছে, তাই আমাকে ড্রাইভিংটা আরো পাকাপোক্তভাবে শিখতে হয়েছে। নিয়মিত আমাকে ব্যাটমিন্টন প্র্যাকটিস করতে হয়েছে। মেকআপ আর্টিস্ট ও কসটিউম ডিজাইনাররা আমার লুকের জন্য অনেক খেটেছেন। একটা চরিত্রের পেছনে আমরা সবাই মিলে কাজ করেছি।

আরজে থেকে অভিনেত্রী হয়েছেন।  এরপর? 

আমি দুই বছর আগে আরজেইং ছেড়ে দিয়েছি। পরে করপোরেট জব করেছি। কিছুদিন পর জবও ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল। এরপরই আমি বোধের চিত্রনাট্য পাই। গল্পটা আমার এত ভালো লেগেছিল যে এটা শুনেই আমি কাজটা করতে রাজি হয়ে গিয়েছিলাম। এর পর অমিতাভ রেজা ভাইয়ের মতো পরিচালকের সঙ্গে কাজ করা। সব মিলিয়ে আমি আসলে অভিনয়টা নিয়ে আরো ভাবতে চাই। 

উচ্চশিক্ষার জন্য কি ফিল্ম বা অ্যাক্টিং সম্পর্কিত বিষয় নেয়ার কথা ভাবছেন? 

আমার অনার্স এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে, তাই এ বিষয়ের কোনো একটা ফিল্ড নিয়ে মাস্টার্স করার ইচ্ছে। আর মাস্টার্স যেহেতু আরো করা যাবে, তাই এরপর হয়তো ফিল্ম স্টাডিজ নিয়ে করব। তবে আমি মনে করি, এর জন্য আমার বেসিকটা আরো ভালো করতে হবে। 

পরিবার থেকে অভিনয় বা মডেলিং আসা নিয়ে সাপোর্ট ছিল? 

আমাদের দেশের কালচারটাই এমন যে ছেলেমেয়ে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার এমন কিছু হবে। শুরুতে তারা সন্তানের ভিন্নধর্মী ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন থাকেন। তবে যেহেতু আমি চাকরি করেছি, তাই আমার মিডিয়ায় কাজ করা নিয়ে বাবার খুব একটা অভিযোগ ছিল না। তবে মা এখনো এটা নিয়ে কিছুটা অভিযোগ করেন। কারণ আমি অন্যান্য ক্যারিয়ার না নিয়ে পুরোপুরিভাবে মিডিয়ায় যুক্ত হয়েছি। আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করেন। যেকোনো নতুন প্রজেক্টের কথা বা নিউজ প্রকাশ হলে বাবা সবার আগে সেটা দেখে নিজের কাছে রাখেন এবং আমাকে শেয়ার করেন।

নতুন বছর নিয়ে প্রত্যাশা...

আমি আসলে প্রতিটি দিন উপভোগ করি। তবে নতুন বছরে আমার প্রত্যাশা সবার সঙ্গে ইতিবাচক কিছু হোক, যেহেতু আমরা লম্বা একটা সময় মহামারীর মধ্যে পার করেছি। এ সবকিছু পেছনে ফেলে আমি আশা করি আগামী বছর অবশ্যই ভালো কিছু হবে।

নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়েছেন? 

কিছুদিন আগেই একটা ওয়েব সিরিজের কাজ শেষ করেছি। আশা করি জানুয়ারিতে এর প্রমোশন হবে। তখন দর্শক দেখতে পারেন। এছাড়া ইভেন্ট আর শোগুলো নিয়মিত হোস্ট করা হচ্ছে। 

আবারো বড় পর্দায় দেখা যাবে? 

অবশ্যই। সবার তো ইচ্ছে থাকে বড় পর্দায় পা রাখার। ২০১৮ সালে আমার একটা সিনেমা মুক্তি পেয়েছিল। এরপর বিভিন্ন কারণে আর সিনেমায় অভিনয় করা হয়নি। যেহেতু আমি এখন পুরোদমে অভিনয় করছি, তাই বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে। তবে অবশ্যই ভালো গল্প হলে।

কোন ধরনের গল্পে আপনি কাজ করতে চান?

দর্শক হিসেবে আমার থ্রিলার অনেক ভালো লাগে। থ্রিলারধর্মী গল্পে কাজ করতেও পছন্দ করি। গল্প অনেকটা নির্ভর করে পরিচালক তা কীভাবে উপস্থাপন করতে চান, এর ওপর। তার গল্প বলার ধরন সাধারণ একটা গল্পকে অসাধারণ করে দেয়। আবার সেটা ভালো না হলে একদম সাদামাটা হয়ে যায়।