রায়হান
রাফী পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘দামাল’ গতকাল
মুক্তি পেয়েছে। প্রথম দিনে
একযোগে দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে এ সিনেমা। দলটি
খেলার অর্থ সংগ্রহ করে তা তুলে দিয়েছিল
মুক্তিবাহিনীর হাতে। এ দলের সদস্যরা
মুক্তিযোদ্ধার পাশাপাশি দেশের স্বাধীনতার ইতিহাসে অবদান রেখেছে। ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের
ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। দামালের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ।
প্রথম দিনেই দর্শকের ভালোবাসা পাচ্ছে দামাল। ঢাকায় প্রতিটি প্রেক্ষাগৃহ ছিল হাউজ ফুল। মধুমিতা সিনেমা হলের সকাল ১০টার শো ছিল হাউজফুল। দামাল অভিনেতা সিয়াম আহমেদ মধুমিতায় দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেন। এ সময় ছবির পরিচালক রায়হান রাফীও উপস্থিত ছিলেন।
মধুমিতায় ভক্তদের সঙ্গে দামাল দেখে সিয়াম বলেন, ‘আমার যেকোনো ছবি এলেই ফ্যানদের কাছ থেকে অন্য রকম সাপোর্ট পাই। তাদের এ সাপোর্ট আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।’
অন্যদিকে গতকাল বেলা সাড়ে ১১টার শো উপভোগ করতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে হাজির হয়েছিল দামাল টিম। সরেজমিনে গিয়ে দেখা যায় দর্শকের উপচে পড়া ভিড় ছিল স্টার সিনেপ্লেক্সে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রথম শোয়েই সিনেমাটি দেখতে এসেছেন মিম ভক্তরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৫০ জন ভক্ত এ সিনেমা দেখতে ঢাকা এসেছেন। জনপ্রিয় অভিনেত্রী মিমও তার ভক্তদের নিরাশ করেননি, তাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি কথা বলেছেন। দামাল প্রসঙ্গে মিম বলেন, ‘দেশের যেসব স্থানে দামাল মুক্তি পায়নি, সেখান থেকে ভক্তরা ঢাকায় ছুটে এসেছেন। তারা অনেক কষ্ট করে সিনেমাটি দেখতে এসেছেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি।’
দামালে হাসনা চরিত্রে অভিনয় করেছেন মিম। তার বিপরীতে আছেন শরিফুল রাজ। পরাণ সিনেমা থেকেই দর্শকের ভালোবাসা পাচ্ছে মিম-রাজ জুটি। ১০ জুলাই মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত এবং মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান অভিনীত পরাণ। সিনেমাটি মুক্তির তিন মাস পার হয়ে গেলেও এখনো প্রেক্ষাগৃহে চলছে। অন্যদিকে প্রথম দিনেই দর্শকের মন জয় করেছে দামাল। এবার দেখার পালা, এটি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কেমন প্রভাব রাখে।










