দীর্ঘ অভিনয় জীবনে তিনি এরই মধ্যে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। নাটক ও সিনেমায় বহু বছর পজিটিভ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। আবার সিনেমায় খল চরিত্রেও অভিনয় করে সমানভাবে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী।
রোজী সেলিমের মতে, পজিটিভ ও নেগেটিভ দুই ধরনের চরিত্রেই অভিনয় করতে তিনি ভীষণ উপভোগ করেন। একই সঙ্গে দর্শকের কাছ থেকে দুই ধরনের চরিত্রে অভিনয়ের সাড়া পাওয়াটাও তাকে আনন্দ দেয়।
আগামী ঈদটিও তার জন্য বেশ ব্যস্ততাপূর্ণ ও বর্ণাঢ্য হতে যাচ্ছে। কারণ ঈদ উপলক্ষে তাকে দেখা যাবে একাধিক নাটক ও একটি ওয়েব ফিল্মে। ঈদে মুক্তি পেতে যাওয়া রেজাউর রহমান পরিচালিত ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’য় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ম্যান’, তুষার খানের ‘হ্যাপি ডিভোর্স’ ও রাফাত মজুমদার রিংকুর একটি নাটকেও অভিনয় করেছেন রোজী সেলিম।
রোজী সেলিম বলেন, ‘ঈদে নিজের অভিনীত কাজ প্রচারে এলে নিঃসন্দেহে একজন শিল্পী হিসেবে সেটা নিজের ভেতরই ভালো লাগার সৃষ্টি করে। কারণ কাজগুলো প্রচারের পর দর্শকের প্রতিক্রিয়ার জন্য এখনো প্রথম জীবনের কাজগুলোর মতোই আমি অপেক্ষা করি।’









