প্রতি বছরই বিজয় দিবসে টেলিভিশনের পর্দায় থাকে নানা আয়োজন। এবারো এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা। স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘কবি কণ্ঠে বিজয়ের কবিতা’ প্রচার হবে সকাল ৮টা ১৫ মিনিটে। জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ও রাষ্ট্রপতি কর্তৃক সালাম গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে সকাল ৯টা ৫০ মিনিটে। দুপুর ১২টা ১৫ মিনিটে প্রচার হবে শিশুতোষ অনুষ্ঠান ‘বিজয়ের দেশে ডানা মেলি’। বিকাল ৪টায় থাকছে সংগীতানুষ্ঠান ‘বিজয় থেকে বিজয়ে’। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘রণাঙ্গনের সংগীত’ প্রচার হবে ৫টা ১০ মিনিটে। সাড়ে ৮টায় থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘স্বাধীনতার মহাকাব্য’। নাটক ‘সত্যি কথা বলছি’ প্রচার হবে রাত ৯টায়। এসএ হক অলিকের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ইমন, সালাহ খানম নাদিয়া, মোহাম্মদ বারী, ফাহমিদা শারমিন, জিয়াউল হাসান কিসলুসহ আরো অনেকে।

চ্যানেল আইয়ের পর্দায় আজ থাকছে বিজয় দিবসের বিশেষ আয়োজন। জনপ্রিয় লেখক সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘গেরিলা’ দেখানো হবে বেলা ২টা ৪০ মিনিটে। ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিরিজের গল্পে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘ছাব্বিশ নম্বর বাড়ি’। নাটকটি প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। এছাড়া চ্যানেল আইয়ে রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘আকাশ ভরা সূর্য তারা’। এতে আসাদুজ্জামান নূর আবৃত্তি করবেন এবং ফোক সম্রাজ্ঞী মমতাজ করবেন গান। বৈশাখী টেলিভিশনে সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী। 

বিজয় দিবসে বৈশাখী টিভির ফোক লাইভে অংশ নেবেন শিল্পী ইলমা বকতেয়ার ও ডলি মণ্ডল। আইনুন পুতুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। থাকছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘বীরাঙ্গনা’। নাটকটি প্রচার হবে রাত সাড়ে ৮টায়। 

এনটিভির পর্দায়ও থাকছে বিজয় দিবসের নানা আয়োজন। সকাল ৬টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ তথ্যচিত্র আপন পতাকা। বেলা ২টা ৩৫ মিনিটে থাকছে বিশেষ টেলিফিল্ম অপরাজিতা।