নতুন করে এসেছে পিনোকিও। ডিজনির ব্যানারে এসেছে লাইভ-অ্যাকশন সিনেমাটি। পিনোকিওতে জেপেত্তো চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাংকস। ক্ল্যাসিক গল্পটির এ চরিত্র তিনি নতুন করে নির্মাণ করেছেন সুনিপুণ অভিনয় দক্ষতায়। তাই এ সিনেমার পরিচালক রবার্ট জেমেকিস সম্প্রতি অভিনেতা টম হ্যাংকসের ভূয়সী প্রশংসা করেছেন। কমবেশি সবাই জানেন, একটি কাঠের পুতুলের সত্যিকারের বালক হয়ে ওঠার রোমাঞ্চকর গল্প পিনোকিও।
হ্যাংকসের প্রতি ভালোবাসার ও শ্রদ্ধার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরিচালক জেমেকিস বলেন, ‘টম হ্যাংকস এ সময়ের সেরা অভিনেতা। তার অভিনয়ের মাধ্যমে জেপেত্তো প্রাণ পেয়েছে। টম সব ধরনের অভিনয়ে সিদ্ধহস্ত। এমন চরিত্র অভিনয়ের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলতে পারেন, যা আমি ভাবতেই পারি না।’
এ সিনেমায় আরো অভিনয় করেছেন বেঞ্জামিন ইভান আইনসওর্থ, জোসেফ গর্ডন-লেভিট, কিগ্যান-মাইকেল কি, লরেইন ব্র্যাকো, সিনথিয়া এরিভো ও লুক ইভানস। পিনোকিওর চিত্রনাট্য লিখেছেন রবার্ট জেমেকিস ও ক্রিস ওয়েইটৎস।
উল্লেখ্য, শিশুদের জন্য রচিত ইতালীয় উপন্যাস দি অ্যাডভাঞ্চারস অব পিনোকিওর ওপর ভিত্তি করে ১৯৪০ সালে এই অ্যানিমেটেড মিউজিক্যাল ফ্যান্টাসি ফিল্মটি নির্মাণ হয়। এটি ছিল ডিজনির দ্বিতীয় অ্যানিমেটেড ফিচার ফিল্ম। ছবিতে জেপেত্তো নামের একজন কাঠ-ভাস্কর পিনোকিও নামের একটি কাঠপুতুল তৈরি করে। একটি নীলপরি কাঠের এ পুতুলে প্রাণের সঞ্চার করে এবং তাকে সৎ, সাহসী ও পরোপকারী বালক হতে অনুপ্রাণিত করে। এভাবে বিচিত্র অভিজ্ঞতার ভেতর দিয়ে পিনোকিওর অভিযাত্রা সূচিত হয়। নতুনরূপে রবার্ট জেমেকিস ২০২২ সালে পিনোকিও লাইভ-অ্যাকশন ছবিটি নিয়ে আসেন, যা ডিজনি ও হটস্টারে সম্প্রচার হচ্ছে। এ সিনেমায় জেপেত্তোর চরিত্রে টম হ্যাংকের অভিনয়ে দর্শকরাও অভিভূত।
সূত্র: ভ্যারাইটি










