শুক্রবার কলা কেন্দ্রে শুরু হয়েছে শিল্পী মুন রহমান ও এ রহমানের শিল্পকর্ম নিয়ে ‘যুগল জরিপ’ শীর্ষক শিল্প প্রদর্শনী। ২৩ দিনব্যাপী শিল্প প্রদর্শনী উদ্বোধন করেছেন ইতালি দূতাবাসের রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। উদ্বোধনী বক্তব্যে এনরিকো নুনজিয়াটা এ আয়োজনকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে অধ্যাপক নিসার হোসেন শিল্পী মুন রহমান ও শিল্পী এ রহমানের কাজের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত জানান, ‘আজ ইতালিতে প্রচুর প্রবাসী বাঙালি অবস্থান করছেন। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে ভাবনা সংলাপ গুরুত্বপূর্ণ। এ শিল্পী পরিবারের ঢাকা-ইতালি জীবনযাপন ও শিল্পকর্মের তাৎপরতা পারস্পরিক সম্পর্ককে গভীর করবে।
শিল্পী দম্পতি মুন রহমান ও এ রহমান ২৫ বছর ধরে একসঙ্গে রয়েছেন। এ রহমান চারুকলায় প্রতিষ্ঠানিক শিক্ষা লাভ করেছেন। বাংলাদেশ, ইতালি ও জাপানে তার ১০টিরও বেশি একক প্রদর্শনী হয়েছে। এছাড়া তিনি বাংলাদেশ ও বিদেশে অনেক গ্রুপের প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অন্যদিকে মুনের কাজের মাধ্যম ক্যানভাস, কাগজ, তেলরঙ, জলরঙ, অ্যাক্রেলিক ও ছাপচিত্র। এ রহমান এসব মাধ্যমেও কাজ করেন। ফটোগ্রাফি, ফটো ম্যানুপুলেশন, অবজেক্ট, স্থাপনা, নিউ মিডিয়া, পারফমেটিভ, বিভিন্ন মাধ্যমেও কাজ করেন মুন। দুজনেরই কাজের সংখ্যা, মাধ্যম ও আকারে ভিন্নতা লক্ষণীয়। দেশেও একাধিক প্রদর্শনী হয়েছে তার কাজ নিয়ে।
কলা কেন্দ্রের প্রদর্শনীটি চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
স্থানীয় শিল্পী ও শিল্প অনুরাগীদের পরিচালন ও অর্থায়নে ২০১৫ সালে কলা কেন্দ্র ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল।










