মুক্তির ছয়দিনের মাথায় ছবিটি ৫২৫ কোটি রুপির গণ্ডি পেরিয়ে নতুন রেকর্ড গড়েছে। আদিত্য ধর পরিচালিত এ স্পাই থ্রিলারে রণবীর সিংয়ের উপস্থিতি দর্শকের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে টিকিট বিক্রিতে।
মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি ভারতে ৪৫৪ কোটি রুপি নিট আয় করে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ওপেনিং। পেইড প্রিভিউ থেকেই আসে ৪৩ কোটি রুপি, আর টানা তিনদিন ১০০ কোটি রুপির বেশি আয় করে ছবিটি ইতিহাস গড়ে। সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারেও গতি কমেনি। এদিন ছবিটি আয় করে ৬৫ কোটি রুপি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ সোমবারের সংগ্রহ হিসেবে বিবেচিত হচ্ছে।

ষষ্ঠ দিন গতকালও একই ধারা বজায় রাখে ধুরন্ধর ২। সকাল থেকেই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সপ্তাহের মাঝামাঝি হওয়া সত্ত্বেও সকালবেলার শোগুলোর উপস্থিতি প্রায় ৩০ শতাংশে পৌঁছায়। দুপুর পর্যন্ত ছবিটির আয় ১১ কোটির বেশি যোগ হয়ে মোট সংগ্রহ ৫২৫ কোটি রুপির গণ্ডি অতিক্রম করে।
এ আয় দিয়ে ছবিটি এরই মধ্যে ‘গদর’ সিনেমার লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে গেছে। একই সঙ্গে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর হিন্দি সংস্করণের রেকর্ডও ভেঙেছে, যা দীর্ঘদিন ধরে শীর্ষে ছিল। এখন ছবিটির লক্ষ্য ‘পাঠান’ ও ‘অ্যানিমেল’-এর আয়কে ছাড়িয়ে যাওয়া।
ধুরন্ধর ২ সিনেমায় আরো অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদি।
বিশ্লেষকদের মতে, বর্তমান গতিতে এগোতে থাকলে শিগগিরই ছবিটি ৬০০-৭০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে।
প্রথম ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী ১ হাজার ৩০০ কোটি রুপি আয় করেছিল এবং ডিসেম্বরে মুক্তির তিন মাস পরও প্রেক্ষাগৃহে চলছে। এর সিকুয়্যালটি আরো বড় সাফল্যের পথে রয়েছে। এটি দিনে দিনে বক্স অফিসে নতুন মানদণ্ড তৈরি করা এক বিরল ঘটনা হয়ে উঠেছে। অনেক চলচ্চিত্র বিশ্লেষক মনে করছেন, এটি ‘দঙ্গল’-এর সর্বকালের ২ হাজার ৭০ কোটি রুপির রেকর্ডও ভেঙে দিতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস









