গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২৬ ঘোষণা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ সময় ভোরে (স্থানীয় সময় রাতে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর অনুষ্ঠিত হয়। এবারের আসরে বিখ্যাত অনেকেই পুরস্কার জিতেছেন। পাশাপাশি চমকও ছিল।
চলচ্চিত্র বিভাগে পল থমাস অ্যান্ডারসনের বিপ্লবী গল্পভিত্তিক সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবার কমেডি বিভাগে শীর্ষ সেরা পুরস্কার জিতেছে। সিনেমার জন্য টেয়ানা টেলর পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি। অন্যদিকে ক্লোয়ি ঝাও পরিচালিত শেকসপিয়র অনুপ্রাণিত সিনেমা ‘হ্যামলেট’ সেরা চলচ্চিত্র (ড্রামা) পুরস্কার জিতে নেয়।
পল থমাস অ্যান্ডারসন জিতেছেন সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যের পুরস্কার। এর মাধ্যমে গোল্ডেন গ্লোবসে একসঙ্গে চলচ্চিত্র, পরিচালক ও চিত্রনাট্য বিভাগে জয়ী হওয়া দ্বিতীয় নির্মাতা হলেন অ্যান্ডারসন। এর আগে কেবল অলিভার স্টোন এ কৃতিত্ব অর্জন করেছিলেন।
‘সিনার্স’ জিতেছে সেরা সংগীত এবং সেরা বক্স অফিস ও সিনেমাটিক অ্যাচিভমেন্ট পুরস্কার। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর মতো ফ্র্যাঞ্চাইজি সিনেমাকে পেছনে ফেলে এ বিভাগে জয় পায় রায়ান কুগলারের সিনেমাটি। এটি ছিল উল্লেখযোগ্য চমক। সিনেমাটি সীমিত সাফল্য পেতে পারে—মুক্তির পর কিছু সংবাদ প্রতিবেদনে এমনটি বলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সিনার্স যুক্তরাষ্ট্রে আয় করে ২৭৮ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ৩৬৮ মিলিয়ন ডলার। ফলে এটি গত ১৫ বছরে সর্বোচ্চ আয় করা মৌলিক (অরিজিনাল) চলচ্চিত্রে পরিণত হয়।
রাতটি ছিল ওয়ার্নার ব্রাদার্সের জন্য বিশেষভাবে স্মরণীয়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ও সিনার্স—দুটি সিনেমারই প্রযোজনা প্রতিষ্ঠান এ স্টুডিও। কিছুদিন আগে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ৮৩ বিলিয়ন ডলারের চুক্তিতে নেটফ্লিক্সের কাছে বিক্রি হতে সম্মত হয়। আসরে বেস্ট পিকচার (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ব্রাজিলিয়ান সিনেমা ‘দ্য সিক্রেট এজেন্ট’।
সেরা পরিচালক হিসেবে পুরস্কার গ্রহণের পর দেয়া বক্তব্যে পল থমাস অ্যান্ডারসন ওয়ার্নারের সহপ্রধান মাইকেল ডি লুকারের প্রশংসা করেন। অ্যান্ডারসন বলেন, ‘তিনি একদিন স্টুডিও চালানোর স্বপ্ন দেখতেন, যেখানে নির্মাতারা নিজেদের ইচ্ছামতো সিনেমা বানাতে পারবেন। এভাবেই সিনার্স আর ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো সিনেমা তৈরি হয়।’
অনভূতি প্রকাশে সিনার্সের প্রযোজক ও পরিচালক রায়ান কুগলার বলেন, ‘দর্শককে ধন্যবাদ জানাতে চাই। তারা হলে গিয়ে সিনেমাটি দেখেছে। এটা আমার কাছে সবকিছুর চেয়েও মূল্যবান।’
স্ট্রিমিং দুনিয়ার আলোচিত কাজ ‘কেপপ ডেমন হান্টার্স’। এটি এবার সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র ও সেরা গানের পুরস্কার পেয়েছে। আর প্রথমবারের মতো প্রবর্তিত পডকাস্ট বিভাগে পুরস্কার পায় অ্যামি পোলারের শো ‘গুড হ্যাং’।
‘মার্টি সুপ্রিম’ সিনেমায় অভিনয়ের জন্য টিমোথি শ্যালামে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব পেয়েছেন। এর আগে চারবার মনোনয়ন পেলেও জয় পাননি তিনি। ৩০ বছর বয়সী এ অভিনেতা এবার প্রথম অস্কার জয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন। টিমোথি যখন পুরস্কার আনতে মঞ্চে যান, দাঁড়িয়ে করতালি দেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ও জর্জ ক্লুনির মতো সহমনোনীত তারকারা।
অনুভূতি প্রকাশ করে শ্যালামে বলেন, ‘সবসময় যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন। ফলে আগের অনুষ্ঠানগুলোয় পুরস্কার না পেলেও আমি মাথা উঁচু করে, কৃতজ্ঞচিত্তে এখান থেকে ফিরেছি। সত্যি বলতে কি সে অভিজ্ঞতাগুলোই আজকের এ মুহূর্তটাকে আরো বেশি মধুর করে তুলেছে।’
এছাড়া বেস্ট টেলিভিশন সিরিজ, ড্রামা ক্যাটারিগরিতে পুরস্কার জিতেছে এইচবিও ম্যাক্সের ‘দ্য পিট’। বেস্ট টিভি সিরিজ (মিউজিক্যাল অর কমেডি) অ্যাপল টিভির ‘দ্য স্টুডিও’ এবং বেস্ট লিমিটেড সিরিজ, (অ্যান্থলজি সিরিজ অর মোশন পিকচার মেড ফর টেলিভিশন) জিতেছে নেটফ্লিক্সের ‘অ্যাডোলোসেন্স’।
বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাকট্রেস ইন আ মোশন পিকচার (মিউজিক্যাল অর কমেডি) পুরস্কার পেয়েছেন রোজ বার্ন, সিনেমা ‘ইফ হ্যাড লেটস আই উড কিক ইউ’।
এছাড়া বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্ট্রেস ইন আ মোশন পিকচার ড্রামা ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে জেসি বাকলি।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬ ছিল চমক, আবেগ ও সাফল্যে ভরপুর এক আয়োজন। নতুন নির্মাতা ও অভিনয়শিল্পীদের পাশাপাশি প্রতিষ্ঠিত তারকারাও এ রাতে পুরস্কার জিতে নিজেদের অবস্থান আরো দৃঢ় করেছেন। বছরের শুরুতেই এ আয়োজন অস্কার দৌড়ের ইঙ্গিতও দিয়ে গেছে।
সূত্র: এপি










