এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড শো মাত করেছেন লেডি গাগা। রোববার অনুষ্ঠিত এ আয়োজনে পাঁচটি বিভাগে অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন তিনি। বেশির ভাগ পুরস্কার এসেছে আরিয়ানা গ্রান্ডের সঙ্গে তার রেইন অন মি থেকে, তারা দুজন অনুষ্ঠানে গানটিতে লাইভ পারফর্মও করেছেন।

অনুষ্ঠানে যথারীতি লেডি গাগার পোশাক ছিল চমকে দেয়ার মতো, অদ্ভুত; তার মুখে ছিল মাস্ক। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার পোশাক বদল করেছেন গাগা, কখনো তাকে দেখা গেছে পাখির মতো পোশাকে, কখনো উজ্জ্বল সবুজ বল গাউন। আর মুখে ছিল নানা রকমের মাস্ক, কখনোবা মাজল। এদিন গাগা জিতে নিয়েছেন আর্টিস্ট অব দ্য ইয়ার, সঙ অব দ্য ইয়ার, বেস্ট কোলাবোরেশন অ্যান্ড সিনেমাটোগ্রাফি (আরিয়ানা গ্রান্ডের সঙ্গে) ও একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট ট্রফি। পুরো অনুষ্ঠান এক কথায় ছিল গাগাময়।

শো চলাকালীন গাগা টুইট করেন, ‘এটা প্রয়োজনীয় হয়ে ওঠার আগে থেকেই আমি ফেস শিল্ড ব্যবহার করি।’ নিজের ব্যক্তিগত তিনটি পুরস্কার নিতে গিয়ে লেডি গাগা বলেন, ‘অনেক মানুষের জন্য এ বছরটা কঠিন সময় ছিল। সবাই নিরাপদে থাকুন, নিজের মনকে শুনুন। আমার কথাগুলো ভাঙা রেকর্ড বাজার মতো শোনালেও আবারো বলছি—সবাই মাস্ক পরুন।’


গাগা আরো বলেন, ‘আজ আমরা বিচ্ছিন্ন আছি বলে সংস্কৃতিকে কিছুটা নির্জীব মনে হচ্ছে। কিন্তু আমি জানি আমাদের সামনে একটা রেনেসাঁ অপেক্ষা করে আছে, পপ কালচারের উদ্দীপনা আপনাকে প্রেরণা দেবে...২০২০ সালে আমি আপনাদের শিল্পী হওয়া ছাড়া আর কিছু চাই না, এটাই আমার জন্য যথেষ্ট।’

যেকোনো অনুষ্ঠানেই লেডি গাগার পোশাক, সজ্জা নিয়ে সবার আগ্রহ থাকে, কারণ সেগুলো আর সবার চেয়ে ভিন্ন হয়। বলা যায় অদ্ভুত, বিশেষ। এমটিভির অনুষ্ঠানের তার ব্যতিক্রম হয়নি। পোশাক, ফেস মাস্ক দুটো দিয়েই দর্শকের মনোযোগ কেড়েছেন এই তারকা। একটা মাস্ক ছিল শিংযুক্ত। একটি ছিল গোলাপি রঙের, যার সঙ্গে ছিল ভেন্টিলেশন, আরেকটা মাস্ক ছিল লাল লেড বাতির মতো।

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড শো করোনাভাইরাস মহামারীকালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম কোনো বড় অ্যাওয়ার্ডস শো। অনুষ্ঠানে সরাসরি কোনো দর্শক অংশ নিতে পারেননি। অন্যদিকে পারফরম্যান্সগুলোর বেশির ভাগ আগেই রেকর্ড করা হয়েছে।

অনুষ্ঠানের হোস্ট কেকে পামার শুরুতেই আয়োজনটি সদ্য প্রয়াত ব্ল্যাক প্যান্থারখ্যাত অভিনতা চ্যাডউইক বোজম্যানকে উৎসর্গ করেন। অনুষ্ঠানে মহামারীর সময়ে ফ্রন্টলাইনে কাজ করা কর্মীদের প্রতি শ্রদ্ধা জাননো হয়। অনুষ্ঠানে প্রথমবারের মতো পারফর্ম করেছে কে-পপ সেনসেশন বিপিএস।

 

সূত্র: ডিএনএ