অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট সম্প্রতি তার ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। তিনি দুই বিখ্যাত পরিচালক উডি অ্যালেন ও রোমান পোলানস্কির সঙ্গে কাজ করেছেন। প্রসঙ্গত এ দুই পরিচালকের বিরুদ্ধেই নারীদের যৌন হেনস্তার অভিযোগ রয়েছে।

সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে সাক্ষাত্কার দিয়েছেন কেট। এ সাক্ষাত্কারে ৪৪ বছর বয়সী অভিনেত্রী বলেছেন, ‘উডি অ্যালেন ও রোমান পোলানস্কির সঙ্গে কাজ করা একটা বাজে ব্যাপার ছিল। আমার কাছে ব্যাপারটা এখনো অবিশ্বাস্য মনে হয় যে তারা কীভাবে এতদিন  ধরে  এবং এত বিস্তৃত পরিসরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্মানিত হয়। এটা খুবই অমর্যাদাকর একটা ব্যাপার।’

সাক্ষাত্কারের এক পর্যায়ে কেট বলেন, তিনি আশা করেন তরুণীদের জন্য একটা মর্যাদাপূর্ণ উদাহরণ তৈরি করতে, তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। তখনই তাকে উডি অ্যালেন ও রোমান পোলানস্কির সঙ্গে কাজের প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়।

টাইটানিকখ্যাত অভিনেত্রী কেট তখন বলেন, তাদের (অ্যালেন ও পোলানস্কি) সঙ্গে কাজ করার দায় অবশ্যই তিনি নেবেন। কেট বলেন, ‘আমি ঘড়ির কাঁটাকে পেছাতে পারব না। ঘটনাগুলো নিয়ে এখনো আমি আফসোস করি।’

২০১১ সালে কেট উইন্সলেট রোমান পোলানস্কির কার্নেজ এবং ২০১৭ সালে উডি অ্যালেনের ওয়ান্ডার হুইল ছবিতে কাজ করেন।

নিজের পার্টনার অভিনেত্রী সুন-ই প্রেভিনের দত্তক নেয়া কন্যার সঙ্গে সম্পর্কে জড়িয়ে নিন্দার মুখে পড়েন অ্যালেন। পিপল ম্যাগাজিনের মতে, ১৯৯৩ সালে নিজের পালক কন্যা ডিলান ফারোকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল অ্যালেনের বিরুদ্ধে। ২০১৪ সালে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক চিঠিতে ডিলান এ অভিযোগ করেন। উডি অ্যালেন অবশ্য অভিযোগ অস্বীকার করেন।

কেট উইন্সলেট বলেন, ‘সে সময় অমি উডিকে চিনতাম না। তার পরিবারের বিষয়েও আমার কিছু জানা ছিল না। ছবির অভিনেত্রী হিসেবে আপনাকে বলতে হবে, আমি এসব কিছু জানি না। এসব বিষয় আপনাকে এক পাশে রেখে মানুষটির সঙ্গে শুধু কাজ করে যেতে হবে। উডি অ্যালেন একজন অসাধারণ পরিচালক। রোমান পোলানস্কিও তাই। তাদের দুজনের সঙ্গেই আমার কাজের অভিজ্ঞতা দারুণ এবং এটা সত্য।’

১৯৭৭ সালে ১৩ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার হয়েছিলেন রোমান পোলানস্কি। আরো চারজন নারী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন ২০১০ সালে। পোলানস্কি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।

 

সূত্র: ডিএনএ