আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযাত্রা শুরু করল টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। ভারতের ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছে আকরাম খান পরিচালিত ‘নকশিকাঁথার জমিন’। আজ ভারতের গোয়ায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। আর ২৫ নভেম্বর সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে জানানো হয়েছে টিএম ফিল্মGসর পক্ষ থেকে। উৎসবে অংশ নিতে ২৪ নভেম্বর নির্মাতা ও কলাকুশলীরা ভারত যাচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ভাগ করে জয়া আহসান লিখেছেন, ‘আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত যে বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যালগুলোর একটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৩তম আসরে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত আকরাম খান পরিচালিত চলচ্চিত্র নকশিকাঁথার জমিন আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আমার আনন্দিত হওয়ার বিশেষ কারণ, আমার অভিনীত নকশিকাঁথার জমিন প্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছে নারী এবং চলচ্চিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি।’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি এবং দুই ভাইয়ের চরিত্রে রয়েছেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়া এ সিনেমায় আরো অভিনয় করেছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
সিনেমাটির প্রযোজক ফারজানা মুন্নী বলেন, ‘টিএম ফিল্মসের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা পরিচিত করা। বঙ্গভূমির সবচেয়ে বড় গল্প, আমাদের গর্বের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি সিনেমা নিয়ে যাত্রা করেছি। মুক্তির আগেই সিনেমাটি গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রণ পেল, এটি আমাদের জন্য গর্বের। আশা করছি এ যাত্রা অব্যাহত থাকবে।’
নির্মাতা আকরাম খান বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো এ উৎসবে আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছে কোনো চলচ্চিত্র, এটি আমাদের জন্য দারুণ একটি খবর। নকশিকাঁথার জমিন আমার জন্য একটি বিশেষ নির্মাণ, কেননা এতে মুক্তিযুদ্ধে নারীর আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে, যা ইতিহাসে কিছুটা অবহেলিত। সরকারের পাশাপাশি টিএম ফিল্মসকে ধন্যবাদ জানাই এটি নির্মাণে আমাদের পাশে থাকার জন্য।’
নকশিকাঁথার জমিন সিনেমাটি ২০১৮-১৯ সালের সরকারি অনুদানপ্রাপ্ত। এর যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন নির্মাতা আকরাম খান নিজেও। দুই বিধবা বোনের জীবনসংগ্রামের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের এক রক্তঝরা অধ্যায় উঠে এসেছে এ সিনেমায়।










