দুনিয়া জুড়ে মার্ভেল কমিকস ও ডিসির ভক্তরা খুশিতে নাচছেন। প্রতিদ্বন্দ্বী দুই সংস্থার তরফে কাছাকাছি সময়ে পাওয়া গেছে দুটি সুখবর। এর একটি হলো, প্রথমবারের মতো সুপারহিরো সিনেমায় যুক্ত হচ্ছেন হ্যারিসন ফোর্ড। এ ছাড়া শুরু হয়েছে ‘ম্যান অব স্টিল টু’র প্রাথমিক প্রস্তুতি।

হলিউড রিপোর্টার জানায়, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে জেনারেল রস চরিত্রে যুক্ত হচ্ছেন হ্যারিসন ফোর্ড। আগে এই ভূমিকায় ছিলেন প্রয়াত উইলিয়াম হার্ট।

‘ইন্ডিয়ানা জোনস’-খ্যাত হ্যারিসন আপাতত রস চরিত্রে দুটি ছবিতে থাকছেন। প্রথমটি হলো ‘ক্যাপ্টেন আমেরিকা: নিউ ওয়ার্ল্ড অর্ডার’। এ ছবিতে ওটিটির পর ক্যাপ্টেন আমেরিকা হিসেবে প্রথমবার বড়পর্দায় আবির্ভূত হবেন অ্যান্টনি ম্যাকি। এ ছাড়া সুপারভিলেনদের নিয়ে নির্মিত ‘থান্ডারবল্টস’ ছবিতে জেনারেল রস চরিত্রটি থাকছে। দুটো ছবিই ২০২৪ সালে মুক্তি পাবে।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে প্রথম হলেও হলিউডের দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ার্স’ ও ‘ইন্ডিয়ানা জোনসের’ প্রধান তারকা তিনি। আইকনিক প্রত্মতত্ত্ববিদ চরিত্র ইন্ডিয়ানা জোনস হয়ে সিরিজের পঞ্চম কিস্তি নিয়ে আগামী বছরের ৩০ জুন পর্দায় ফিরছেন হ্যারিসন ফোর্ড।

এদিকে ‘জাস্টিস লিগের’ স্নাইডার কাটকে হেনরি কাভিলের শেষ সুপারম্যান সিনেমা ধরা হলেও নতুন খবর এসেছে সম্প্রতি। স্ক্রিনরেন্টের প্রতিবেদন বলছে, জেমস গানের পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ‘ম্যান অব স্টিল টু’। এখন নির্মাতারা যথাযোগ্য একজন লেখক খুঁজছেন।

আরো শোনা যাচ্ছে, সলো সিনেমার আগে আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ‘ব্ল্যাক অ্যাডামের’ মিড ক্রেডিট সিনে হাজির হচ্ছে সুপারম্যানরূপী হেনরি কাভিল। এ ছবির নাম ভূমিকায় আছেন ডাউনি জনসন।

হেনরি কাভিলের প্রথম সুপারম্যান সিনেমা ‘ম্যান অব স্টিল’ মুক্তি পায় ২০১৩ সালে। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৬৭ কোটি ডলার আয় করে। শুরুর দিকে ‘ব্যাটম্যানের’ মতো ট্রিলজির পরিকল্পনা শোনা গেলেও মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের জনপ্রিয়তা ডিসির পরিকল্পনার বদলে দেয়। একে একে তৈরি করে একাধিক সুপারহিরো নির্ভর ছবি। কিন্তু ‘ব্যাটম্যান ভার্সেস সুপার: ডন অব জাস্টিস’ বা ‘জাস্টিস লিগের’ মতো ছবিগুলোর ভরাডুবিতে কেলেঙ্কারিতে পড়ে যায় ডিসি। আরো কয়েকটি ছবি মুখ থুবড়ে পড়ে। ওয়ান্ডার ওম্যান, অ্যাকুয়াম্যান, জোকার ও ব্যাটম্যানের সাফল্যের এখন তারা আবার সাফল্যের রাস্তায় হাঁটছে। সেই সময় ডিসির প্রধান মুখ সুপারম্যান ফেরার সুখবর মিলল।