জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ অভিনেত্রী। সরকারি অনুদানের এ সিনেমায় কাজ করার জন্য গতকাল দুপুরে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম আহারে জীবন, গল্প রচনা ও পরিচালনা করবেন গুণী চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। আহারে জীবন সিনেমায় পূর্ণিমাকে দেখা যাবে দোলা চরিত্রে। এ নিয়ে পূর্ণিমা বলেন, ‘শ্রদ্ধেয় ছটকু ভাই আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত একজন প্রবীণ পরিচালক। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং সিনেমায় আমাকে দোলা চরিত্রে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এতে আরো যারা অভিনয় করবেন, বলা যায় প্রত্যেকেই ছটকু ভাইয়ের ভীষণ প্রিয় শিল্পী। তাছাড়া গল্পটাও চমত্কার। সর্বোপরি এটি সরকারি অনুদানের সিনেমা। সব মিলিয়েই আসলে ভেবেচিন্তে সিনেমাটির কাজ করতে যাচ্ছি। আজই (বুধবার) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হলাম। যেহেতু ছটকু ভাই গুণী একজন নির্মাতা। তাই আমার বিশ্বাস কাজটি বেশ ভালো হবে।’

২০২১-২২ সালের সরকারি অনুদানে আহারে জীবন ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে। এ সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে আছেন তাজু কামরুল। অন্যদিকে, ছটকু আহমেদের পরিচালনায় প্রথম সরকারি অনুদানের সিনেমা এটি। তিনি বলেন, ‘আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা ও ঢাকার আশপাশেই সিনেমাটির শুটিং করব।’ ছটকু আহমেদ সর্বশেষ নায়ক মান্নাকে নিয়ে ‘প্রতিবাদী মাস্টার’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।

আহারে জীবন সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। সঙ্গে আরো আছেন ওমর সানি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূর প্রমুখ। নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমা দুটিতে সর্বশেষ অভিনয় করেছেন পূর্ণিমা।