বয়কটের কারণে বলিউডের সব শিল্পীই ক্ষতিগ্রস্ত হয়েছেন। লাল সিং চাড্ডার পর বাদ পড়েনি রক্ষা বন্ধন। মুক্তি পাওয়ার আগেই সিনেমা নিয়ে তৈরি হচ্ছে জটিলতা। সিনেমায় কী আছে তা না জেনেই বাতিল করে দিচ্ছে দর্শক। পুরো ব্যাপারটা রাকুল প্রীত সিংকে ‘চিন্তিত’ করে। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ডক্টর জি’। সিনেমাটি বলিউডের বর্তমান অবস্থায় কেমন ব্যবসা করতে পারবে, তা নিয়ে প্রযোজকদের পাশাপাশি চিন্তিত এ অভিনেত্রীও।
রাকুল মনে করেন কোনো সিনেমা যদি মানুষের আবেগ, বিশ্বাসকে আঘাত করে তখন সেটিকে বয়কট করা উচিত। কিন্তু মুক্তির আগে কোনো ধারণার ওপর ভিত্তি করে এমন কাজ করা উচিত নয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে রাকুল বলেন, ‘সমাজের কোনো একটা অংশকে ক্ষতিগ্রস্ত করে এমন কিছুকে আপনি বয়কট করতে পারেন। কিন্তু এমন কিছু করা উচিত নয়, যার জন্য সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, পুরো ইন্ডাস্ট্রিই ক্ষতিগ্রস্ত হয়। যে সিনেমাগুলো তৈরি হচ্ছে তার প্রতিটিই ক্ষতির মুখে পড়ে। একটার পর একটা সংকট আসতে থাকে। কাজের ক্ষেত্র কমে যায়। সরকার যখন অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করছে সে সময় এ ধরনের কাজ করা উচিত নয়।’
রাকুল অভিনীত আসন্ন সিনেমা ডক্টর জিতে তাকে একজন গাইনিকলজিস্টের চরিত্রে দেখা যাবে। এ সিনেমায় অভিনয়ের জন্য তিনি একজন গাইনিকলজিস্টের সাহায্য নিয়েছেন। এ বিষয়ের সঙ্গে যুক্ত সমাজের নানা ধারণা ও দৃষ্টিভঙ্গি সিনেমাটিতে উঠে আসবে। তার সঙ্গে এতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। সামাজিক নানা বিষয়ে বার্তা দেয়ার মতো সিনেমায় আয়ুষ্মান অভিনয় করে থাকেন। সে জায়গা থেকে এটি হতে যাচ্ছে আরেকটি সংযোজন। অনেক সময় এ ধরনের বিষয় থাকলেও অনেকের অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু রাকুলের মতে সহনশীলতা প্রয়োজন।
রাকুল বলেন, ‘আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। মানুষ তাদের জীবন খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে আমরা ভাগ্যবান, কারণ ঘর কিংবা খাবার নিয়ে ভাবতে হয়নি। কিন্তু গত দুই বছরে মানুষের একটা বড় অংশ এ সুযোগ পায়নি। সিনেমা তাই তাদের বিনোদনের জায়গা নয়। তাদের প্রয়োজন ভবিষ্যতের নিশ্চয়তা। প্রতি সপ্তাহে সিনেমা এলেও প্রতি সপ্তাহেই একটা করে সিনেমা দেখার সুযোগ সবার নেই।’
এর মধ্যেও রাকুলের হাতে আছে বেশকিছু সিনেমা। ডক্টর জির পর তাকে দেখা যাবে থ্যাংক গড সিনেমায়। এতে তার সহঅভিনেতা হিসেবে থাকছেন অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা। এছাড়া রয়েছে কমল হাসানের ইন্ডিয়ান টু।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










