বলিউডের বছরে শত শত সিনেমার ঘোষণা আসে। এর মধ্যে অনেকগুলো ঘোষণাতেই হারিয়ে যায়, কিছুকিছু অসমাপ্ত থাকে। বড় তারকা ও নির্মাতাদের সিনেমাও রয়েছে এই তালিকায়। আমিতাভ বচ্চন থেকে আমির, সালমান বা শাহরুখ কেউ বাদ নেই। জেনে নিন তেমন সাতটি ছবির খবর।

৩৫-৪০ শতাংশ শুটিংয়ের পর বন্ধ হয়ে যায় মুকুল আনন্দ পরিচালিত ‘দাস’। এই ছবির গানগুলো পরে ভীষণ জনপ্রিয়তা পায়। ‘দাস’-এ অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, সালমান খান, রাভিনা ট্যান্ডন ও শিল্পা শেঠি। এ ছাড়া রাহুল দেবের অভিষেক ছবি হওয়ার কথা ছিল এটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকুল আনন্দের ভাই রাহুল এস আনন্দ বলেন, সিনেমাটির ক্লাইমেক্স দৃশ্যের খুবই প্রশংসা করেছিলেন নির্মাতা রমেশ সিপ্পি।

শেখর কাপুরে ‘টাইম মেশিন’ সিনেমায় ছিলেন আমির খান, রাভিনা ট্যান্ডন, গুলশান গ্রোভার, নাসিরুদ্দীন শাহ, রেখা, অমরেশ পুরী ও বিজয় আনন্দ। তরুণ আমির খান টাইম মেশিনের চড়ে তার মা-বাবাকে খুঁজতে যান অতীতে। ওই দুটি চরিত্রে ছিলেন রেখা ও নাসিরুদ্দীন।

মজার বিষয় হলো, ক্যামিও রোলে ছিলেন বাস্তব জীবনের অমিতাভ বচ্চন। ‘টাইম মেশিন’-এর কাহিনি অনুসারে, আমির যখন অতীতে যান তখন বিগ বি সিনেমায় প্রতিষ্ঠার জন্য লড়ছেন। সেই ১৯৭৩ সালে বাস স্টেশনে দেখা হলে আমির খান তাকে সেলিম-জাভেদ জুটির কাছে যাওয়ার পরামর্শ দেন। এরপর নির্মিত হয় বিখ্যাত ‘জাঞ্জির’।

এত সব চমকে ঠাসা ‘টাইম মেশিন’ প্রায় ৮০ শতাংশ শুটিংয়ের আর্থিক কারণে শেষ হয়নি।

হিরো ও কর্মার অসাধারণ সাফল্যের পর সুভাষ ঘাই ‘দেবা’র পরিকল্পনা করেন। এ ছবির নায়ক ছিলেন অমিতাভ বচ্চন, সঙ্গে শাম্মী কাপুর ও মীনাক্ষী শেষাদ্রি। দুই সপ্তাহ শুটিং হলেও মূলত অমিতাভ ও সুভাষের সৃজনশীল অনৈক্যের কারণে সিনেমাটি শেষ হয়নি। ‘দেবা’র শুটিং হওয়ার দৃশ্যের একটি ছিল শাম্মী কাপুর ও অমিতাভের অ্যাকশন দৃশ্য। যা বলিউডের কখনো দেখা যায়নি।

সালমান খান, জ্যাকি শ্রফ, গোবিন্দ ও মনীষা কৈরালাকে নিয়ে নির্মিত হচ্ছিল ‘রাজু রাজা রাম’। প্রযোজক ছিলেন জ্যাকি স্বয়ং। মূলত আবহাওয়া ও অন্যান্য কারণে একাধিকবার শুটিংয়ের ডেট ফেল হওয়ায় সিনেমাটি শেষ পর্যন্ত হয়নি। পরবর্তীতে এ ছবি নিয়ে সালমানের আন্তরিকতার কথা একাধিক সাক্ষাৎকারে উল্লেখ করেন জ্যাকি শ্রফ।

ভারতীয় এপিক কাহিনী অবলম্বনে নির্মিতব্য ‘তালিসমান’-এ মূল চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। পরিচালক রাম মাধবানি। সিনেমাটির দেড় মিনিটের টিজারও প্রকাশ হয়েছিল। সেখানে রহস্যময় চরিত্রে অমিতাভকে দেখা যায়। সিনেমাটির গ্র্যাফিক্স বেশ উন্নত ছিল, অন্তত টিজারের দৃশ্যগুলো তা-ই বলছে।

অমিতাভ বচ্চন ও হলিউডের জনি ডেপকে নিয়ে ‘শান্তারাম’ নামের সিনেমাটির পরিকল্পনা করেন মীরা নায়ার। কিন্তু নানা কারণে গ্যাংস্টার-ড্রামাটি তৈরি হয়নি। বর্তমানে ওয়েব সিরিজ আকারে ওই প্রজেক্টটি করছে অ্যাপল টিভি প্লাস।

২০১১ সালের কথা। গুঞ্জন ওঠে ‘এক্সট্রিম সিটি’ নামের সিনেমায় এক হচ্ছেন শাহরুখ খান ও লিওনার্দো ডি কাপ্রিও। যেখানে কিং খান হবেন গ্যাংস্টার ও হলিউড তারকার ভূমিকা পুলিশের। ছবির চিত্রনাট্য লিখছেন দাবি করে পিটিআই-কে সাক্ষাৎকারও দেন মুশতাক শেখ। কিন্তু শাহরুখ এ নিয়ে মন্তব্য না করলেও লিওনার্দো স্রেফ গুজব বলে উড়িয়ে দেন।  তবে মুশতাকের দাবির কারণে সিনেমাটি নিয়ে রহস্য রয়ে গিয়েছে এখনো।